যুক্তরাজ্যে পাকিস্তানি দম্পতির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের সম্মান রক্ষার নামে নিজেদের মেয়েকে খুন করার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত এক পাকিস্তানি দম্পতি। এতে আদালত ওই দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।১৭ বছর বয়সী সাফিলিয়া নামের ওই মেয়েটি ২০০৩ সালে যুক্তরাজ্যের শেশায়ারের ওয়ারিংটন এলাকার বাসা থেকে নিখোঁজ হয়। এ ঘটনার ছয় মাস পর কাম্ব্রিয়া এলাকার রিভার কেন্ট থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মেয়েটির বাবা ট্যাক্সিচালক ইফতেখার আহমেদ (৫২) ও মা ফারজানা আহমেদ (৪৯) আদালতে হত্যাকাণ্ডের কথা অস্বীকার করেন। তবে আদালতের বিচারক জাস্টিস রড্রিক ইভানস শুনানি শেষে তাঁদের দোষী সাব্যস্ত করে রায় দেন। রায়ে বলা হয়েছে, পরিবারের জন্য দুর্নাম বয়ে আনছে, এমন বিশ্বাসে সাফিলিয়াকে হত্যা করেন তার মা-বাবা। এই হত্যাকাণ্ডের দায়ে তাঁদের ২৫ বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ২০০৩ সালের ১১ সেপ্টেম্বর নিখোঁজ হয় সাফিলিয়া। এক সপ্তাহ পরে তার এক শিক্ষকের মাধ্যমে বিষয়টি জানাজানি হয়। পরে ২০০৪ সালের ফেব্রুয়ারিতে তার গলিত লাশ উদ্ধার করা হয়। একটি সশস্ত্র ডাকাতির সঙ্গে সম্পৃক্ততার ঘটনায় সাফিলিয়ার ছোট বোন আলিশা আহমেদ আটক হওয়ার পর ওই হত্যাকাণ্ডের জট খুলতে থাকে। আলিশা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, সে তার মা-বাবাকে সাত বছর আগে বোন সাফিলিয়াকে হত্যা করতে দেখেছে। বিবিসি।