যুক্তরাজ্যে পারিবারিক ভিসার কঠোর নিয়ম টিকে গেল সুপ্রিম কোর্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বহির্ভূত দেশের নাগরিককে বিয়ে করে যুক্তরাজ্যে নিতে হলে সুনির্দিষ্ট আয়ের শর্ত দিয়ে যে আইন করা হয়েছে, সেটিকে বৈধ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আজ বুধবার দেওয়া রায়ে যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত বলেছেন, ‘নীতিগতভাবে’ সুনির্দিষ্ট আয়ের শর্ত বৈধ।

তবে সুপ্রিম কোর্ট বলেছেন, আইনটি ‘ত্রুটিপূর্ণ’ এবং পরিবারগুলোর প্রতি ‘কঠোর’। এই নিয়ম কার্যকরের ক্ষেত্রে পরিবারগুলোর সম্ভাব্য আয় এবং বিশেষ করে কোনো পরিবারে যদি সন্তান থাকে, তাহলে সেই সন্তানের কল্যাণের দিকটি বিশেষভাবে বিবেচনার নির্দেশনা দিয়েছেন আদালত। তাই এ রায়ের কারণে ভুক্তভোগী পরিবারগুলো কিছুটা উপকার পাবে বলে মনে করা হচ্ছে।

অভিবাসন ঠেকানোর কৌশল হিসেবে ইইউ-বহির্ভূত দেশের নাগরিকদের বিয়ে করে যুক্তরাজ্যে আনার ক্ষেত্রে কঠোর নিয়ম আরোপ করে ব্রিটিশ সরকার। ২০১২ সালে কার্যকর হওয়া ওই নিয়মে বলা হয়, ইইউ-বহির্ভূত দেশ থেকে স্বামী বা স্ত্রীকে যুক্তরাজ্যে নিতে হলে সংশ্লিষ্ট ব্রিটিশ নাগরিকের ন্যূনতম আয় বছরে ১৮ হাজার ৬০০ পাউন্ড হতে হবে। সঙ্গে যদি ইউরোপের বাইরে জন্ম নেওয়া কোনো সন্তান থাকে, তাহলে আয় থাকতে হবে বছরে ২২ হাজার ৪০০ পাউন্ড। যদি একাধিক সন্তান থাকে, তাহলে পরবর্তী সন্তানগুলোর প্রতিজনের জন্য আয়ের সীমা ২ হাজার ৪০০ পাউন্ড করে বাড়বে। অভিবাসীদের রাষ্ট্রীয় কল্যাণ ভাতানির্ভর জীবনযাপন ঠেকাতে এ নিয়ম চালু করে সরকার।

শুরু থেকেই এই আইনের বৈধতা নিয়ে তুমুল বিতর্ক ওঠে। এর সমালোচনা করে বলা হয়, কেবল আর্থিকভাবে দুর্বল হওয়ার কারণে হাজার হাজার ব্রিটিশ নাগরিক তাঁদের পারিবারিক জীবনের অধিকার থেকে বঞ্চিত হবেন। এটা গ্রহণযোগ্য নয়।

২০১৫ সালে প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়, যুক্তরাজ্যের ৪১ শতাংশ কর্মজীবী পুরুষ এবং ৫৫ শতাংশ কর্মজীবী নারী এই আইনের শর্ত পূরণ করতে সক্ষম নন। কেননা ন্যূনতম বেতনে পূর্ণকালীন কাজ করেও বছরে ওই পরিমাণ আয় করা যায় না। ফলে আইনটি বিপুলসংখ্যক কর্মজীবীর স্বামী বা স্ত্রীকে যুক্তরাজ্যে আনার অধিকার কেড়ে নিয়েছে। সংস্কৃতিগত কারণে যুক্তরাজ্যে বাস করা, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষের মধ্যে নিজ নিজ দেশে গিয়ে বিয়ে করার প্রবণতা বেশি। নতুন আইনটির ফলে তাঁরা সংকটে পড়েছেন।

নিয়মটিকে বৈষম্যমূলক এবং পারিবারিক জীবনযাপনের অধিকারের পরিপন্থী দাবি করে আদালতে চ্যালেঞ্জ করেন চার ব্যক্তি। এঁদের দুজন পাকিস্তানি বংশোদ্ভূত আবদুল মজিদ ও শাবানা জাবেদ। অপর দুজন লেবানিজ ও কঙ্গোর বংশোদ্ভূত। হাইকোর্টে তাঁরা বিজয় পেয়েছিলেন। কিন্তু সরকার আপিল কোর্টে গেলে তা আবার উল্টে যায়। সর্বশেষ আবেদনকারীরা মামলাটি সুপ্রিম কোর্টে নিয়ে তোলেন।

অভিবাসীদের অধিকার রক্ষায় সোচ্চার সংগঠন ‘জয়েন্ট কাউন্সিল ফর দ্য ওয়েলফেয়ার অব ইমিগ্রেন্টস’–এর প্রধান নির্বাহী সায়রা গ্র্যান্ট সুপ্রিম কোর্টের রায়কে পরিবারগুলোর জন্যও সত্যিকারের বিজয় হিসেবে দেখছেন। তিনি বলছেন, পরিবারগুলোকে বিচ্ছিন্ন রাখার অর্থ হলো সন্তানদের ক্ষতি করা। আর আদালত বলেছে, সন্তানদের কল্যাণ নিশ্চিত করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।