যুক্তরাজ্যে পারিবারিক সহিংসতা রোধে আইন
যুক্তরাজ্যে পারিবারিক সহিংসতা রোধে তৈরি খসড়া আইনের বিলে গতকাল মঙ্গলবার সম্মতি দিয়েছে দেশটির রাজপরিবার। বিলটিতে বলা হয়, পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তির প্রতি নিয়ন্ত্রণ ও প্রভাব খাটানোর মতো আচরণ এখন থেকে অপরাধ হিসেবে গণ্য হবে।
আজ বুধবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, নথিপত্রভিত্তিক প্রমাণ যেমন মোবাইলের এসএমএস, ই-মেইল, অথবা ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে অর্থনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা ইত্যাদি প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের পাশাপাশি এ ধরনের ঘটনায় প্রমাণ হিসেবে কাজে লাগানো যাবে।
তথ্যমতে, এ ধরনের নিপীড়নের শিকার যাঁরা হন, তাঁরা চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত না হওয়া পর্যন্ত পুলিশকে জানান না। গড়ে ৩০টি পারিবারিক সহিংসতার ক্ষেত্রে এমনটি ঘটে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, পারিবারিক সহিংসতার মতো গুরুতর সমস্যা প্রতিরোধে এখনই লাগাম টেনে ধরা জরুরি।
স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে বলেন, পরিবারের সদস্য বা ঘনিষ্ঠজনের বিরুদ্ধে সহিংসতা ভয়ানক অপরাধ।