ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দেশটিতে দীর্ঘদিন ধরে চলে আসা বহু সংস্কৃতিবাদের নীতির সমালোচনা করেছেন। ওই নীতি ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্যের অভ্যন্তরীণ চরমপন্থীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দৃঢ় জাতীয় ঐক্য গড়তে তরুণ মুসলিমদের প্রতি আহ্বান জানান ক্যামেরন। জার্মানির মিউনিখে গতকাল শনিবার নিরাপত্তাবিষয়ক সম্মেলনে এসব কথা বলেন ক্যামেরন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম যুক্তরাজ্যের বহু সংস্কৃতিবাদ ও ইসলামি চরমপন্থীদের ব্যাপারে কথা বললেন তিনি।যুক্তরাজ্যে নৃতাত্ত্বিক ও ধর্মীয় দিক থেকে সংখ্যালঘুদের ব্যাপারে নতুন নীতি গ্রহণ করার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী ক্যামেরন। তিনি শক্তিশালী জাতীয় পরিচয় গড়ে তুলতে আরও ‘সংহত স্বাধীনতাবাদ’ গ্রহণ করতে ব্রিটিশ জনগণের প্রতি আহ্বান জানান। যেখানে সম-অধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা ও গণতন্ত্র আরও শক্তিশালী হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, এটা করতে পারলে অতীতের ব্যর্থ বহু সংস্কৃতিবাদের নীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারব।’গত বছরের মে মাসে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন ডেভিড ক্যামেরন। এরপর এই প্রথম বহু সংস্কৃতিবাদ ও ইসলামি চরমপন্থীদের নিয়ে খোলামেলা কথা বললেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটেনে ইসলামি চরমপন্থীদের তৎপরতা বেড়েছে। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত লন্ডনের পরিবহনব্যবস্থায় চারটি আত্মঘাতী হামলায় ৫২ জন নিহত হয়। এসব হামলায় অভ্যন্তরীণ ইসলামি চরমপন্থীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।ডেভিড ক্যামেরন বলেন, ‘বহু সংস্কৃতির তত্ত্ব থেকে বেরিয়ে আসতে আমরা যুক্তরাজ্যের মূল সংস্কৃতির বাইরে থাকা সবাইকে উৎসাহিত করতে পারি।’ মূল ধারার সংস্কৃতিতে না থাকার কারণেই তরুণ মুসলিমরা চরমপন্থী মতবাদের দিকে ঝুঁকে পড়ছে বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, ব্রিটিশদের আরও সক্রিয় ও স্বাধীনতাবাদের দিকে এগিয়ে যেতে হবে। তিনি ব্রিটিশ মুসলমানদের মূল ধারার সংস্কৃতিতে আসার আহ্বান জানান।ক্যামেরন সুস্পষ্টভাবে উল্লেখ করেন, ইসলাম ধর্ম আর ইসলামি চরমপন্থীদের রাজনৈতিক মতাদর্শ এক জিনিস নয়। তিনি বলেন, কিছু কিছু অহিংস সংগঠন মুসলিমদের প্রতিনিধিত্ব করার কথা বলে। কিন্তু তারা পাশ্চাত্য মূল্যবোধ গ্রহণ করবে কি না, সে বিষয়ে দ্বিধা থাকেই। আবার কিছু মুসলিম সংগঠন ইসলামি চরমপন্থীদের নিয়ন্ত্রণের নামে সরকারি অর্থ গ্রহণ করছে। তাদের ব্যাপারটিও খতিয়ে দেখার ইঙ্গিত দেন তিনি।প্রধানমন্ত্রী ক্যামেরনের বক্তব্যে গত বছরের নভেম্বরে দেওয়া জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের বক্তব্যের প্রতিধ্বনি লক্ষ করা যায়। মেরকেল জার্মানিতে বহু সংস্কৃতিবাদের নীতিকে ব্যর্থ উল্লেখ করে বলেন, এর ফলে জার্মানি অভিবাসীদের সঙ্গে নিয়ে সংহতি গড়ার ক্ষেত্রে যথেষ্ট নিবেদিত নয়।মিউনিখ সম্মেলনের প্যানেল আলোচনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের এই বক্তৃতার সময় অ্যাঙ্গেলা মেরকেল উপস্থিত ছিলেন।এদিকে যুক্তরাজ্যের মুসলিম তরুণদের সংগঠন দ্য রমজান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ শফিক বলেছেন, যুক্তরাজ্যের মুসলিম তরুণেরা সন্ত্রাসবাদ ও চরমপন্থাকে ঘৃণা করে। তিনি প্রধানমন্ত্রী ক্যামেরনের বক্তব্যকে ‘আবেগের বশে ভুল’ বলে উল্লেখ করেন। এএফপি, বিবিসি।