যুক্তরাজ্যে বিএনপির হামলায় যুব মহিলা লীগের সভা পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে বিএনপির হামলায় পণ্ড হয়েছে মহিলা আওয়ামী লীগের ডাকা প্রতিবাদ সভা। এ সময় রাকিব হাসান তারিক নামের যুক্তরাজ্য ছাত্রলীগের এক কর্মী আহত হন। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় বিকেল তিনটার দিকে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ যুক্তরাজ্য বিএনপির দুজনকে গ্রেপ্তার করেছে।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি লন্ডনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার’, ‘খুনি’ ও ‘পাকবন্ধু’ বলে মন্তব্য করেন। এর প্রতিবাদে যুক্তরাজ্য যুব মহিলা লীগ আলতাব আলী পার্কে ‘সচেতন নাগরিক প্রতিবাদ’ শীর্ষক ওই সভা ডাকে।

গতকাল সন্ধ্যা সাতটার দিকে প্রথম আলোর পক্ষÿথেকে যোগাযোগ করা হলে লন্ডন মেট্রোপলিটান পুলিশ জানায়, আলতাব আলী পার্কে বাংলাদেশি দুটি রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয় সময় বিকেল তিনটা ১০ মিনিটে পুলিশ ডাকা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে এবং দুজনকে গ্রেপ্তার করে।

যুক্তরাজ্য যুব মহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানার দাবি, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তাঁরা আলতাব আলী পার্কে সভা করতে গিয়েছিলেন। তাঁরা সংখ্যায় ছিলেন ১০-১৫ জন। যুক্তরাজ্য বিএনপির অর্ধশতাধিক ব্যক্তি তাঁদের ওপর হামলা চালান।

স্থানীয় রয়্যাল লন্ডন হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে দেখা যায়, আহত তারিকের ঠোঁটে রক্ত জমাট বেঁধে আছে। তিনি বাঁ হাত নাড়াতে পারছেন না। তারিকের দাবি, ৮-১০ জন তাঁকে এলোপাতাড়ি কিল, ঘুসি মারতে থাকে। একপর্যায়ে পার্কের পাশের সড়কে ফেলে তাঁকে লাথি মারে।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস স্বীকার করেন, আলতাব আলী পার্কে তাঁদের কোনো কর্মসূচি ছিল না। তাঁর দাবি, তারেক রহমানের নামে আওয়ামী লীগ নেতাদের বিষোদগার এবং মামলা দেওয়ার প্রতিবাদে পার্কের অদূরে সোনারগাঁও রেস্টুরেন্টে বেলা একটায় তাঁদের একটি প্রতিবাদ সভা ছিল। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল ওই সভার আয়োজন করে। সভাস্থলে তাঁরা জানতে পারেন, আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠন আলতাব আলী পার্কে তারেক রহমানের ছবি পোড়াবে। এ খবর শোনার পর নেতা-কর্মীরা আলতাব আলী পার্কে গিয়ে অবস্থান নেন। তাঁর অভিযোগ, যুব মহিলা লীগের কর্মীরা আগে তাঁদের উদ্দেশে গালি দিয়েছেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি জানান, গ্রেপ্তার হওয়া দুজন হলেন যুক্তরাজ্য তরুণ দলের অলিউর রহমান চৌধুরী ও যুবদলের আলকু মিয়া।