যুক্তরাজ্যে বিদেশি বংশোদ্ভূত এমপিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে সদ্যসমাপ্ত সাধারণ নির্বাচনে বিদেশি বংশোদ্ভূত উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থী এমপি নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও চীনা বংশোদ্ভূত প্রার্থীরা রয়েছেন।
নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ১১ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে সাতজন লেবার, তিনজন লিবারেল ডেমোক্র্যাটস ও একজন কনজারভেটিভ দলের মনোনয়নে নির্বাচন করেন। মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে অপর একজন প্রার্থী লেবার দলের মনোনয়ন হারালেও তাঁর প্রার্থিতা বহাল থাকে। এর মধ্যে তিনজন এমপি নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন রুশনারা আলী, টিউলিপ রেজওয়ানা সিদ্দিক ও রূপা আশা হক। লন্ডন থেকে নির্বাচিত তিনজনই বিরোধী লেবার দলের মনোনয়নে নির্বাচন করেন।
বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, ভারতীয় বংশোদ্ভূত ৫৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মধ্যে ১০ জন নির্বাচিত হয়েছেন। গতবার (২০১০) ভারতীয় বংশোদ্ভূত আটজন এমপি নির্বাচিত হন।
পাকিস্তানি গণমাধ্যম ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানি বংশোদ্ভূত ৫০ জনের বেশি প্রার্থী নির্বাচনে অংশ নেন। এর মধ্যে ১০ জন জয় পেয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, চীনা বংশোদ্ভূত একজন প্রথমবার এমপি নির্বাচিত হয়েছেন। এবার চীনা বংশোদ্ভূত ১১ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। গত নির্বাচনে সাতজন অংশ নিয়ে কেউ নির্বাচিত হতে পারেননি।
শ্রীলঙ্কার গণমাধ্যমের খবর অনুযায়ী, শ্রীলঙ্কান বংশোদ্ভূত চারজন প্রার্থী এই নির্বাচনে অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে জয় পেয়েছেন একজন।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের এবারের সাধারণ নির্বাচনে বিভিন্ন দলের মনোনয়নে এশিয়ান বংশোদ্ভূত প্রায় ১৫০ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে সর্বোচ্চ ৩৬ জন কনজারভেটিভ দলের, ৩৫ জন লেবার দলের ও ৩২ জন লিবারেল ডেমোক্র্যাটস দল থেকে মনোনয়ন পান।
গত বৃহস্পতিবার যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভোট নেওয়া হয়। গতকাল শুক্রবার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দেশটির ক্ষমতাসীন দল কনজারভেটিভ দল। এতে দ্বিতীয় মেয়াদে সরকার গড়তে জোটসঙ্গী খুঁজতে হচ্ছে না প্রধানমন্ত্রী ক্যামেরনকে।
এটি ছিল যুক্তরাজ্যে ৫৬ তম সাধারণ নির্বাচন। পার্লামেন্টের মোট ৬৫০ আসনের মধ্যে সরকার গঠন করতে প্রয়োজন ৩২৬ আসন। কনজারভেটিভ দল পেয়েছে ৩৩১ আসন। বিরোধী দল লেবার পার্টি পেয়েছে ২৩২টি আসন।