যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থী খুন
যুক্তরাজ্যে বসবাসরত ভারতের একজন ছাত্র গত সোমবার খুন হয়েছেন। উত্তর ইংল্যান্ডের ম্যানচেস্টার এলাকায় এক শ্বেতাঙ্গ ব্যক্তির গুলিতে তিনি প্রাণ হারান। এ ঘটনায় তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে পুলিশ।পুলিশ জানায়, ভারতীয় ছাত্র অনুজ বিদভে (২৩) ম্যানচেস্টারের পশ্চিমাঞ্চলে স্যালফোর্ডের একটি হোটেল থেকে সকালে বন্ধুদের সঙ্গে হেঁটে শহরের কেন্দ্রে যাওয়ার সময় খুন হন। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) তাঁর ওপর এ আক্রমণকে ‘জঘন্য’ ও ‘উসকানিবিহীন’ বলে অভিহিত করে এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে।স্থানীয় পুলিশের প্রধান তত্ত্বাবধায়ক কেভিন মুলিগ্যান এ খুনের নিন্দা জানিয়ে বলেন, ‘এটি মর্মস্পর্শী একটি ঘটনা। তাঁর পরিবারই এখন আমাদের প্রথম চিন্তার বিষয়।’ তিনি বলেন, ‘এ ঘটনায় ভারতীয় কমিউনিটির মধ্যে বড় ধরনের উদ্বেগ দেখা দেবে। তবে আমি তাঁর পরিবার ও ভারতীয় কমিউনিটিকে পুনরায় আশ্বস্ত করতে চাই, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছি। আর অপরাধীকে খুঁজে বের না করা পর্যন্ত কোনো বিকল্পই খতিয়ে দেখা বাদ থাকবে না।’খুনের পেছনে সাম্প্রদায়িক উসকানি জড়িত রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে মুলিগ্যান বলেন, ‘তদন্তে আমরা সম্ভাব্য সব বিষয়ই বিবেচনা করে দেখছি।’প্রসঙ্গত, অনুজ বিদভে ম্যানচেস্টার শহর থেকে প্রায় ৪০ মাইল দূরে ল্যাঙ্কেস্টার ইউনিভার্সিটির মাইক্রো-ইলেকট্রনিকস পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামের একজন শিক্ষার্থী ছিলেন। এএফপি।