যুক্তরাজ্যে ভোট, নির্ধারণ হবে ১৪ বাঙালির ভাগ্যও

নির্বাচনী প্রচারের মধ্যে লন্ডনে দুই দফা সন্ত্রাসী হামলার পর বৃহস্পতিবার কঠোর নিরাপত্তায় যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে। ভোট গণনা শেষে শুক্রবার জানা যাবে ফল। প্রধানমন্ত্রী থেরেসা মে আবার ক্ষমতায় ফিরবেন, নাকি লেবার পার্টির নেতা জেরেমি করবিন হচ্ছেন নতুন প্রধানমন্ত্রী, জানা যাবে তাও।

এ নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থী হয়ে লড়াই করছেন ১৪ জন ব্রিটিশ বাঙালি। ফলাফলে নির্ধারিত হবে তাদের রাজনৈতিক ভাগ্য। এই ১৪ জনের মধ্যে প্রধান বিরোধী দল লেবার পার্টির থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন প্রার্থী। ৪ জন স্বতন্ত্র প্রার্থী, লিবারেল ডেমোক্র্যাট পার্টির একজন এবং ফ্রেন্ডস পার্টির একজন হয়ে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী, রুপা হক গতবারের মতো এবারও লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন। এ দলে অপর প্রার্থীরা হলেন, রুমেল খান, মেরিনা আহমদ, আনোয়ার বাবুল মিয়া, রওশন আরা, ফয়সল চৌধুরী।

আজমল মাশরুর, অলিউর রহমান, আবু নওশাদ ও মির্জা জিল্লুর স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। লিবারেল ডেমোক্র্যাট পার্টির হয়ে সাজু মিয়া ও আশুক আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

যুক্তরাজ্যবাসীর ভোটের জন্য সারাদেশের ৪০ হাজার পোলিং স্টেশন প্রস্তুত করা হয়েছে। ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাধারণত বুথ ফেরত জরিপ প্রকাশ করা হবে। শুক্রবার সকাল নাগাদ এসব ফল জানা যাবে।

ভোটের দিন প্রকাশিত ইপসস মরির সর্বশেষ জরিপ বলছে, ক্ষমতাসীন থেরেসা মের কনজারভেটিভ পার্টি বিরোধী দল লেবারের চেয়ে প্রায় ৬ শতাংশ ব্যবধানে এগিয়ে আছে। কনজারভেটিভ পার্টি ৪০ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরতে পারে বলে আভাস দিয়েছে এই জরিপ। অবশ্য গত বছর যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোট ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জরিপের ফল উল্টে যাওয়ার যে নজির তৈরি হয়েছে, সেই অভিজ্ঞতার কারণে এবার জরিপের ফলাফলে খুব বেশি আস্থা রাখছেন না কেউ।

রাজনৈতিক দলের নেতারা বৃহস্পতিবার সকাল সকাল নিজ নিজ নির্বাচনী আসনে ভোট দিয়ে ছুটে যান মাঠ পর্যবেক্ষণে। ৬০ বছর বয়সী থেরেসা মে ভোট দেন তাঁর নির্বাচনী এলাকা মেইডেনহেড আসনে। বিরোধী দল লেবার নেতা ৬৮ বছর বয়সী করবিন ভোট দিয়েছেন লন্ডনের ইজলিংটন নর্থ আসনে।

স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোটার ছিলেন প্রায় ৪ কোটি ৯ লাখ। ব্রিটিশ পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমনসের মোট ৬৫০ আসনের বিপরীতে এবার মোট ৬৮টি দল ও ১৯১ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ২ হাজার ৩০৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ইংল্যান্ডে ৫৩৩, স্কটল্যান্ডে ৫৯, ওয়েলসে ৪০ এবং নর্দান আয়ারল্যান্ডে ১৮টি আসন রয়েছে। সব আসনে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো দল এককভাবে ৩২৬টি আসন পেলেই মিলবে সংখ্যাগরিষ্ঠতা। মাত্র দুই বছরের ব্যবধানে এটি যুক্তরাজ্যে তৃতীয় জাতীয় নির্বাচন। ২০১৫ সালে ডেভিড ক্যামেরনের নেতৃত্বে কনজারভেটিভ পার্টি ৩৩০টি আসন পেয়ে এককভাবে ক্ষমতায় ফেরে। এরপর ২০১৬ সালের জুনে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না থাকা নিয়ে অনুষ্ঠিত হয় গণভোট।




