যুক্তরাজ্যে ভোটের আগে জোটের হিসাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন আগামী বৃহস্পতিবার। এ পর্যন্ত নির্বাচন নিয়ে পরিচালিত সবগুলো জরিপ বলছে, এবার কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তাই ঘুরেফিরেই আসছে কে কার সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করবে। জোট গঠন প্রশ্নে গণমাধ্যমের অতি উৎসাহ আর নেতাদের কৌশলী জবাবে মনে হচ্ছে জরিপের ওই ফলাফলকে তারা অনেকটা মেনেই নিয়েছেন।

যুক্তরাজ্যে হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২৬ আসন। ২০১০ সালে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনকে সামনে রেখে মোট ৭৫টি জরিপের ফলাফল প্রকাশিত হয়েছিল। এবার সেই সংখ্যা হাজার ছাড়িয়েছে বেশ আগেই। জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান শুধু নয়; বিভিন্ন গণমাধ্যম প্রতিদিনই নির্বাচন নিয়ে নানা বিশ্লেষণধর্মী জরিপের ফলাফল প্রকাশ করছে।

শনিবার গার্ডিয়ানের প্রকাশিত জরিপের ফলাফলে দেখা যায়, লেবার দলকে ২ শতাংশ পেছনে ফেলে ৩৪ শতাংশ সমর্থন নিয়ে শীর্ষে অবস্থান করছে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দল কনজারভেটিভ। তবে দুটি দলই ২৭৬টি করে আসন জিতবে বলে জরিপে আভাস দেওয়া হয়েছে। ১২ শতাংশ সমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে থাকা অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী দল ইউকে ইন্ডিপেনডেন্ট পার্টি (ইউকিপ) জিতবে মাত্র তিনটি আসন। আর গত পাঁচ বছর কনজারভেটিভের সঙ্গে জোট বেঁধে ক্ষমতায় থাকা লিবারেল ডেমোক্র্যাটস পার্টির (লিবডেম) জনসমর্থন মাত্র আট শতাংশ হলেও দলটি ২৭টি আসনে জয়লাভ করতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যকে ভেঙে স্বাধীন স্কটল্যান্ড প্রতিষ্ঠায় মরিয়া স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) ২০১০ সালের নির্বাচনে মাত্র ৬টি আসনে জয়লাভ করেছিল। এবার স্কটল্যান্ডের মোট ৫৯টি সংসদীয় আসনের ৫৫টিতে দলটি জয়লাভ করবে বলে জরিপে আভাস দেওয়া হয়েছে।

২০১০ সালের নির্বাচনে যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম কোনো জোট সরকার গঠিত হয় এবং তারা মেয়াদ পূর্ণ করে। ওই বছর কনজারভেটিভ দল ৩০৩ ও লিবডেম ৫৭টি আসন পাওয়ার ফলে সরকার গঠনে প্রয়োজনীয় ‘ম্যাজিক নাম্বার’ ৩২৬ পূর্ণ করার কাজটি অনেকটা সহজ হয়। জরিপের ফলকে সত্যি ধরে নিয়ে এবার সরকার গঠনে দুইয়ের অধিক দলের একাত্মতা অনিবার্য বলে মনে করছেন বিশ্লেষকেরা।

দলীয় মূল্যবোধের কারণে প্রাদেশিক দল এসএনপি, ওয়েলসের প্লেইড কামরি ও গ্রিন পার্টি কনজারভেটিভ দলকে সরকারে বাসবে না বলে ঘোষণা দিয়েছে। তাঁরা যেকোনো অবস্থায় ক্যামেরনকে ক্ষমতা থেকে হটাতে চায়। ফলে মতপার্থক্য সত্ত্বেও দলগুলো লেবার নেতা এড মিলিব্যান্ডকে সরকার গঠনে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

লিবারেল ডেমোক্র্যাটস দলের নেতা নিক ক্লেগ নিজেদের জোট সরকারের যোগ্য অংশীদার আখ্যা দিয়ে বলেছেন, তাঁরা রক্ষণশীল কনজারভেটিভ সরকারের ‘কোমল হৃদয়’ এবং অগোছালো লেবার সরকারের ‘মস্তিষ্ক’ হয়ে কাজ করবেন। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে আসার প্রশ্নে গণভোটের অঙ্গীকারের শর্তে কনজারভেটিভ দলকে সমর্থনের ঘোষণা দিয়েছেন ইউকিপ নেতা নাইজেল ফারাজ।

তবে সম্ভাব্য দুই প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও এড মিলিব্যান্ড অনেকটা একই সুরে জোট প্রসঙ্গে কৌশলী জবাব দিচ্ছেন। বলছেন, জোট সরকার নয়, একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে তাঁরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন।