যুক্তরাজ্যে ভয়াবহ খরা তীব্র পানিসংকট
ভয়াবহ খরার কবলে পড়েছে যুক্তরাজ্য। চলছে তীব্র পানিসংকট। দেশটির এনভায়রনমেন্ট এজেন্সি জানিয়েছে, যুক্তরাজ্যের মোট আয়তনের প্রায় অর্ধেক এখন খরার কবলে। তাদের তথ্যমতে, ১৯৭৬ সালের পর সেখানে এটাই সবচেয়ে ভয়াবহ খরা। পরিবেশ সংস্থার তথ্য অনুযায়ী, দেশের প্রায় সাড়ে তিন কোটি মানুষ খরাকবলিত অঞ্চলে বাস করছে। মিডল্যান্ডস ও সাউথ ওয়েস্টকে গতকাল সোমবার সরকারিভাবে খরাকবলিত বলে ঘোষণা করা হয়েছে। ওই অঞ্চলের ১৭টি কাউন্টিতে ভয়াবহ পানিসংকট দেখা দিয়েছে। সেখানকার অনেক নদীর পানি গত কয়েক মাসের মধ্যে অনেক নিচে নেমে এসেছে। আশঙ্কা করা হচ্ছে, আগামী বড়দিনের আগে পানির এই সংকট মিটবে না।কর্মকর্তারা বলছেন, খরার কারণে মানুষের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহে সংকট সৃষ্টি হবে না। ১৯৭৬ সালের গ্রীষ্মে যুক্তরাজ্য শতবর্ষের মধ্যে সবচেয়ে তীব্র খরার কবলে পড়েছিল। ওই সময় বিভিন্ন আবাসিক এলাকায় পানি সরবরাহের জন্য অস্থায়ী পাইপ বসানো হয়। এ ছাড়া বাণিজ্যিক এলাকায় সীমিত পরিমাণে পানি দেওয়া হয়। পানিসংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ সংস্থা বলেছে, এবার সে রকম ব্যবস্থা নিতে হবে না। তবে এই খরার কারণে পরিবেশের বড় ধরনের ক্ষতি হতে পারে।পরিবেশ সংস্থার একজন মুখপাত্র বলেন, ‘অনাবৃষ্টির ভয়াবহ বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ ও কৃষকদের ওপর। বন্য প্রাণী, জলাভূমি ও ফসল উৎপাদন সমস্যার মুখে পড়েছে।’ওই মুখপাত্র আরও বলেন, ‘এই পরিস্থিতিতে পানি ব্যবহারে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সচেতন হতে হবে। অন্যের জন্য যাতে পানির ঘাটতি না পড়ে, সে বিষয়টি মাথায় রাখতে হবে।’পরিবেশ সংস্থা গতকাল মিডল্যান্ডস ও সাউথ ওয়েস্টকে খরাকবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে। মিডল্যান্ডসের মধ্যে রয়েছে নটিংহ্যামশায়ার, লিস্টারশায়ার, ডার্বিশায়ার, স্টাফোর্ডশায়ার, ওয়েস্ট মিডল্যান্ডস, শ্রপশায়ার, ওয়ারউইকশায়ার, ওয়ারসেস্টা-রশায়ার, হেরেফোর্ডশায়ার ও গ্লসেস্টারশায়ার এলাকা। আর সাউথ ওয়েস্ট এলাকার মধ্যে আছে কর্নওয়ার, ডেভন, ডরসেট, সামারসেট, ব্রিস্টল, সাউথ গ্লসেস্টারশায়ার এবং হাম্পশায়ারের অংশবিশেষ ও উইল্টশায়ারের বেশির ভাগ এলাকা।সরকারি অর্থায়নে পরিচালিত সংস্থা সেন্টার ফর ইকোলজি ও হাইড্রোলজির নির্বাহী বার্নাবি স্মিথ জানিয়েছেন, ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় নদীর পানি ১৯৭৬ সালের খরার সময়কার চেয়ে বেশি কমে গেছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে ধরা হচ্ছে ইস্ট অ্যাংলিয়াকে।বাড়িঘরে লোকজনকে পানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশমন্ত্রী ক্যারোলিন স্পেলম্যান। তিনি বলেন, ‘দেশের নতুন নতুন এলাকা খরার কবলে পড়ছে। এই পরিস্থিতিতে আমাদের হিসাব করে পানি ব্যবহার করতে হবে, যাতে খরায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পানি সরবরাহ স্বাভাবিক রাখা যায়।’ এএফপি, বিবিসি।