যুক্তরাজ্যে মন্ত্রিসভায় রদবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের মন্ত্রিসভা পুনর্বিন্যাস করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সমস্যাজর্জরিত জোট সরকারের মন্ত্রিদের বিভিন্ন দপ্তর গতকাল মঙ্গলবার রদবদল করা হয়। তবে অজনপ্রিয় বলে পরিচিত হয়ে ওঠা অর্থমন্ত্রী জর্জ অসবর্নকে দায়িত্বে বহাল রাখা হয়েছে।অ্যান্ড্রু মিশেলকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে পার্লামেন্টের চিফ হুইপের দায়িত্ব দেওয়া হয়েছে। অ্যান্ড্রু ল্যানসলির পরিবর্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জেরমি হান্টকে। বিচারমন্ত্রীর পদে কেন ক্লার্কের স্থলে দায়িত্ব পেয়েছেন ক্রিস গ্রেলিং। পরিবহনমন্ত্রী জাস্টিন গ্রিনিংকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিবেশমন্ত্রী ক্যারোলিন স্পেলম্যান ও ওয়েলশবিষয়ক মন্ত্রী শেরিল গিলানেরও ঠাঁই হয়নি নতুন মন্ত্রিসভায়। তবে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ ও স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে দায়িত্বে বহাল রয়েছেন। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির কো-চেয়ারম্যানের পদ থেকে সায়িদা ওয়ারসিকে অপসারণ করা হয়েছে।২০১৫ সালের সাধারণ নির্বাচনকে সামনে রেখে কনজারভেটিভ পার্টিকে পুনরুজ্জীবিত করতেই ক্যামেরন এই রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। বিবিসি ও ডন।