যুক্তরাজ্যে অর্থনৈতিক মন্দার মধ্যেও ২০১১ সালে দেশটির ধনী ব্যক্তিরা সম্পদ অর্জনের ক্ষেত্রে রেকর্ড গড়েছেন। সানডে টাইমস পত্রিকার করা বার্ষিক ধনীর তালিকায় এ তথ্য উঠে এসেছে।এ তালিকায় দেখা যায়, বেকারত্বের উচ্চহার ও সরকারের ব্যয় সংকোচন নীতির মধ্যেও যুক্তরাজ্যের এক হাজার ধনী ব্যক্তির মোট সম্পদের পরিমাণ ৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে। তাঁদের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ হাজার ৪২৬ কোটি পাউন্ডে। এর আগের রেকর্ড হয়েছিল ২০০৮ সালে। তখন শীর্ষ এক হাজার ধনী ব্যক্তির সম্পদের পরিমাণ ছিল ৪১ হাজার ২৮৫ কোটি পাউন্ড। এ তালিকা অনুযায়ী, দেশটিতে ১০০ কোটি পাউন্ডের বেশি সম্পদের মালিকের সংখ্যাও বেড়েছে। এখন দেশটির ৭৭ জন নাগরিক ১০০ কোটি বা তারও বেশি পাউন্ডের মালিক। ২০০৮ সালে এ সংখ্যা ছিল ৭৫ জন।সানডে টাইমস-এর এ তালিকায় যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় ধনী দেখানো হয়েছে ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তালকে। তাঁর সম্পদের পরিমাণ এক হাজার ২৭০ কোটি পাউন্ড। তিনি এবার টানা অষ্টমবারের মতো শীর্ষস্থানীয় ধনী ব্যক্তি হলেন। সম্পদের দিক থেকে মিত্তালের পরই আছেন উজবেক বংশোদ্ভূত ব্যবসায়ী আলিসের উসমানভ। তাঁর সম্পদের পরিমাণ২৩০ কোটি পাউন্ড। ব্রিটিশ ফুটবলক্লাব আর্সেনালের মূলপ্রতিষ্ঠানের ৩০ শতাংশের মালিকানা উসমানভের। তালিকায়উসমানভের পরের অবস্থানে আছেন আরেক ফুটবলক্লাবের মালিক রুশ বিনিয়োগকারী রোমান আব্রামোভিচ। তাঁর সম্পদের পরিমাণ ৯৫০ কোটি পাউন্ড। এএফপি ও রয়টার্স।