যুক্তরাজ্যে মসজিদে চলছে আইএস যোদ্ধা নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া ও ইরাকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পক্ষে জিহাদে যোগ দিতে সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে যুক্তরাজ্যের বিভিন্ন মসজিদে। গার্ডিয়ান পত্রিকা বলছে, তাদের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
ইতিমধ্যেই কয়েক শ ব্রিটিশ নাগরিক আইএসের হয়ে লড়তে সিরিয়া গিয়েছেন বলে মনে করা হয়। তাঁদের বেশির ভাগই আইএসের সঙ্গে যোগাযোগ করেন ইন্টারনেটের মাধ্যমে। তখন তাঁদের তুরস্ক সীমান্ত পাড়ি দিয়ে সিরিয়ায় প্রবেশের পরামর্শ দেয় জঙ্গিরা। গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়, পরে তুরস্ক সীমান্তে সন্ত্রাসবাদবিরোধী পুলিশের কড়াকড়ি ও ইন্টারনেটে নজরদারি বৃদ্ধির প্রেক্ষাপটে তারা কৌশল পাল্টায়। ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগের পরিবর্তে সরাসরি বিভিন্ন মসজিদে যাওয়া মুসল্লিদের মধ্য থেকে লোকবল সংগ্রহ শুরু করে আইএস।
বিভিন্ন সন্ত্রাসবাদবিরোধী সূত্রের বরাত দিয়ে ওই অনুসন্ধানী প্রতিবেদনে আরও বলা হয়, অন্তত ৫০০ থেকে ৬০০ ব্রিটিশ ‘জিহাদি’ সিরিয়ায় যান। তাঁদের মধ্যে অন্তত ২৫০ জন ফিরেও এসেছেন।
এ ঘটনায় যুক্তরাজ্যের সন্ত্রাসবাদবিরোধী তদন্তকারীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, আইএসের নেতাদের নির্দেশে সিরিয়া ফেরত জঙ্গিরা সে দেশে সন্ত্রাসী হামলা চালাতে পারেন।