যুক্তরাজ্যে মানব ভ্রূণের জিননকশা বদলের অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ধ্যাত্ব নিয়ে গবেষণা এবং ভ্রূণমোচনের (মিসক্যারেজ) কারণ জানার লক্ষ্যে মানুষের ভ্রূণের জিনগত পরিবর্তনের জন্য বিজ্ঞানীদের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। এই প্রথম কোনো দেশ মানবভ্রূণের ডিএনএ অদলবদল করার পদ্ধতি অনুমোদন করল। খবর বিবিসির।
মনে করা হচ্ছে, নৈতিক কারণে এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে। যুক্তরাজ্যের হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োলজি অথরিটি (এইচএফইএ) এক বিবৃতিতে বলেছে, ফ্রান্সিস ক্রিক ইনস্টিটিউট নামে লন্ডনের একটি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে এর গবেষণাগারে ভ্রূণের জিন রদবদলের অনুমতি দিয়েছে সরকার। তবে জিনগতভাবে পরিবর্তিত ভ্রূণ কোনো নারীর গর্ভে প্রতিস্থাপন করা যাবে না। ওই ভ্রূণকে কেবল গবেষণাকাজেই ব্যবহার করতে হবে।
এ গবেষণার মাধ্যমে মানবজীবনের একেবারে শুরুর পর্যায়ের মুহূর্তগুলো সম্পর্কে আরও ভালোভাবে জানার সুযোগ তৈরি হয়েছে। চীন অবশ্য রক্তের জিনগত একধরনের জটিলতার চিকিৎসা বের করার লক্ষ্যে এ ধরনের একটি গবেষণা করেছে বলে গত বছরই ঘোষণা দেয়।