যুক্তরাজ্যে মালালার স্কুলসহ আট স্কুলে হামলার হুমকি

নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই (১৮) যুক্তরাজ্যের যে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন, সেটিসহ দেশটির আটটি স্কুলে গত সোমবার বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। ভারতের দ্য হিন্দু পত্রিকা এ খবর জানিয়েছে।
গতকাল মঙ্গলবার খবরে বলা হয়, হুমকি পাওয়া স্কুলগুলো ইংল্যান্ড ও স্কটল্যান্ডে। এর মধ্যে ছয়টি বার্মিংহাম ও দুটি গ্লাসগোর স্কুল। স্কুলগুলোর মধ্যে বার্মিংহামের এজবাস্টন গার্লস হাইস্কুলে পড়াশোনা করেন মালালা।
সোমবার সকালে ওই হুমকি পাওয়ার পর সংশ্লিষ্ট স্কুল ভবনগুলো খালি করে দিয়েছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। ওয়েস্ট মিডল্যান্ডের পুলিশ বলেছে, হুমকির বিষয়টিতে তদন্ত চললেও এটা নিছক ‘প্রতারণামূলক’ বলেই মনে করা হচ্ছে। খুব শিগগির স্কুলগুলো খুলে দেওয়া হবে। গত সপ্তাহেও কয়েকটি স্কুলে এ ধরনের হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু পরে তা ধাপ্পাবাজি বলে জানা যায়।
স্কটল্যান্ড পুলিশের একজন মুখপাত্র বলেন, স্কুলগুলোর মধ্যে গ্লাসগোর দুটি স্কুলে টেলিফোনে হুমকি দেওয়া হয়। স্কুলের কর্মী ও পুলিশ উভয় স্কুল ভবনে তল্লাশি করেছে।