যুক্তরাজ্যে মুখের ক্যানসার বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে মুখের ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এই দাবি করে যুক্তরাজ্যের ক্যানসার রিসার্চ ইউকে (সিআরইউকে) নামের গবেষণা প্রতিষ্ঠান জানায়, চলতি বছর এ পর্যন্ত ছয় হাজার ২০০ জন এই রোগে আক্রান্ত হয়েছে।সিআরইউকে জানায়, মুখের ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের দুই-তৃতীয়াংশই পুরুষ। এক দশক আগে এ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল চার হাজার ৪০০ জন। প্রধানত ধূমপান থেকে মুখের ক্যানসার হয়। এ ছাড়া যৌনকর্মে মুখের ব্যবহার থেকে হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) সংক্রমণের মাধ্যমে অনেকে এই রোগে আক্রান্ত হয়। অ্যালকোহলের অপব্যবহারের সঙ্গেও মুখের ক্যানসারের সম্পর্ক রয়েছে।বিশেষজ্ঞদের তথ্যমতে, মুখের ভেতরে ক্ষত (আলসার) ও দীর্ঘস্থায়ী লাল বা সাদা দাগ থেকে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। যুক্তরাজ্যের প্রতি ১০ জনের মধ্যে আটজনই জীবনের কোনো না কোনো পর্যায়ে এইচপিভিতে আক্রান্ত হয়। এইচপিভি থেকে মুখ ও জননাঙ্গে বিভিন্ন ধরনের ক্যানসারে সংক্রমণের ঝুঁকি রয়েছে।সিআরইউকে জানায়, মুখের দুই ধরনের ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়েছে। এর মধ্যে জিহ্বামূলের টিউমার রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা প্রায় ৯০ শতাংশ বেড়েছে এবং টনসিলের ক্যানসারে আক্রান্ত হওয়ার হার বেড়েছে ৭০ শতাংশ। বিবিসি।