যুক্তরাজ্যে অবসর ভাতাসংক্রান্ত নীতির ব্যাপারে সরকারের নেওয়া সংস্কার পরিকল্পনার বিরোধিতা করে সে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ধর্মঘট শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার থেকে তাঁরা ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু করেন। ধর্মঘটের কারণে দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি বড় অংশ এবং বিভিন্ন বিমানবন্দরের কার্যক্রম সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়েছে। অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমও বিঘ্নিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।যুক্তরাজ্যের পাবলিক অ্যান্ড কমার্শিয়াল সার্ভিসেস ইউনিয়ন (পিসিএস) এবং তিনটি শিক্ষাসংশ্লিষ্ট ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। ওই তিনটি ইউনিয়ন হলো: ন্যাশনাল ইউনিয়ন অব টিচার্স (এনইউটি), অ্যাসোসিয়েশন অব টিচার্স অ্যান্ড লেকচারার্স (এএলটি) এবং ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন (ইউসিইউ)।এর মধ্যে শুধু পিসিএসের প্রায় আড়াই লাখ সদস্য রয়েছে। বিবিসি বলেছে, খোদ সরকার মনে করছে, প্রতি পাঁচজন সরকারি চাকরিজীবীর মধ্যে একজন ধর্মঘটে যোগ দিয়েছেন। বিবিসি বলেছে, ইংল্যান্ড ও ওয়েলসের ৪০ শতাংশ সরকারি স্কুল পুরোপুরি অথবা আংশিক বন্ধ ছিল।ধর্মঘট আহ্বানকারীদের অভিযোগ, সরকারের সংস্কার পরিকল্পনা বাস্তবায়িত হলে কর্মচারীদের আগের চেয়ে বেশি খাটানো হবে, উপরন্তু তাঁদের আগের চেয়ে বেশি কর দিতে বাধ্য করা হবে। এরপর কর্মজীবন শেষে অবসরে যাওয়ার পর বর্তমানের তুলনায় কম অবসর ভাতা দেওয়া হবে। তাঁরা সরকারের প্রস্তাবিত পরিকল্পনা বাতিলের দাবি জানান।সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ সংস্কার পরিকল্পনা ‘করদাতাদের কাছে ন্যায্য’ এবং সরকারি বিভাগের জন্য কল্যাণকর বলে তাঁরা মনে করছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, অবসর ভাতাসংক্রান্ত যে সংস্কার আনা হচ্ছে, তা এখনো চূড়ান্ত হয়নি। পরিবর্তনের বিষয় নিয়ে এখনো দেনদরবার চলছে। তবে তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, অবসর ভাতাব্যবস্থা ভয়ানক অবস্থায় চলে গেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে সংস্কারের কোনো বিকল্প নেই। পিসিএস ইউনিয়নের প্রধান মার্ক সারবোটকা বিবিসিকে গত বুধবার বলেন, ‘আমরা আশা করছি, লাখ লাখ শ্রমিক-কর্মচারী ধর্মঘটে যোগ দেবেন।’ ইউনিয়নের অন্য নেতারা বলেন, ধর্মঘটে ইংল্যান্ড ও ওয়েলসের ৮০ শতাংশ বিদ্যালয়ের কার্যক্রম বিঘ্নিত হবে। সারবোটকা বলেন, তাঁরা সরকারকে চাকরির মেয়াদ ছয় বছর পর্যন্ত বাড়ানো, কর্মচারীদের সেবা বাড়ানোসহ গড় বেতনের ভিত্তিতে একটি চূড়ান্ত স্যালারি পেনশন নির্ধারণ করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সরকার তাঁদের সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিভিন্ন সরকারি ভবন, চাকরি কেন্দ্র ও আদালত ভবনের বাইরে গতকাল ধর্মঘটকারীদের পিকেট লাইন (অবরোধ সীমা) বসাতে দেখা গেছে। মধ্য লন্ডনে ইউনিয়ন নেতা ও শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করে। চাকরিকেন্দ্র যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে বহু পুলিশ মোতায়েন করা হয়েছে। এ জন্য লন্ডনের যেসব পুলিশ সদস্যের গতকাল ছুটি ছিল, তাঁদের সে ছুটি বাতিল করা হয়েছে। ক্ষমতাসীন সরকারের শরিক দল কনজারভেটিভ লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা ও কেবিনেট অফিস মিনিস্টার ফ্রান্সিস মাউডে বলেছেন, দিনের পর দিন বিপুলসংখ্যক অবসরপ্রাপ্ত লোকের ভাতা বাবদ বিপুল পরিমাণ অর্থের জোগান দেওয়া যেতে পারে না। তিনি মনে করেন, এ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা জরুরি। এএফপি।