যুক্তরাজ্যে লেবার পার্টির খসড়া ইশতেহার ফাঁস!
ভোট ভাগাতে নির্বাচনী ইশতেহারে থাকে নানা চমক। অথচ চূড়ান্ত হওয়ার আগেই ফাঁস হয়ে গেল লেবার পার্টির নির্বাচনী ইশতেহার। এতে এই ইশতেহার আর চমক সৃষ্টি করেনি, বরং দলটির অভ্যন্তরীণ কলহ নিয়ে নতুন করে প্রশ্ন তোলার সুযোগ করে দিয়েছে।
৮ জুন অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সামনে রেখে ইশতেহার চূড়ান্ত করতে গতকাল বুধবার লেবার পার্টির সংসদীয় কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির প্রায় ৮০ সদস্য বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত কেউ খসড়াটি ফাঁস করে দিয়েছেন বলে ইঙ্গিত মিলছে গণমাধ্যমের খবরে। যে কারণে নির্বাচনী প্রতিশ্রুতির বদলে দলের শৃঙ্খলা নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে লেবার পার্টির নেতাদের।
আর মাত্র চার সপ্তাহের মাথায় নির্বাচন। ভেদাভেদ ভুলে এ সময় দলকে ক্ষমতায় ফেরানোই মুখ্য হওয়ার কথা। কিন্তু এ সময়ে দলীয় তথ্য ফাঁসের ঘটনা লেবার পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে কী বার্তা দিচ্ছে? এমন প্রশ্নের জবাব এড়িয়ে দলটির নির্বাচনী প্রচার প্রধান অ্যান্ড্র গুয়েন বিবিসিকে বলেন, ইশতেহার নিয়ে আলোচনার কথা ছিল আরও সপ্তাহ খানেক পরে। কিন্তু ফাঁসের ঘটনা এক সপ্তাহ আগেই আলোচনার সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, আজ বৃহস্পতিবার দলের ছায়া মন্ত্রিসভা ও জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে ইশতেহার চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
ছায়া চ্যান্সেলর জন ম্যাকডোনাল্ড বলেন, ইশতেহার কীভাবে ফাঁস হয়েছে, তা তিনি জানেন না। তবে বিষয়টি ‘বিব্রতকর’ বলে মন্তব্য তাঁর।
ফাঁস হওয়া ইশতেহার অনুযায়ী, দলটি অভিবাসন কমিয়ে আনার সীমা নির্ধারণ করে অবাস্তব কোনো প্রতিশ্রুতি দেবে না। জ্বালানি, যোগাযোগ ও ডাক বিভাগকে সরকারি মালিকানায় ফিরিয়ে আনবে দলটি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ফি বাতিল করবে। উদ্বাস্তুদের জন্য চার হাজার ঘর বরাদ্দ রাখবে। শ্রমিক ইউনিয়নগুলোর অধিকার বাড়াবে। বছরে ৮০ হাজার পাউন্ডের বেশি আয় করে—এমন ব্যক্তিদের করের পরিমাণ বাড়াবে। পারমাণবিক বোমামুক্ত বিশ্ব গড়ার প্রতিশ্রুতি রয়েছে এতে। দলটির নির্বাচনী প্রচারের মূল স্লোগান এবার ‘ফর দ্য মেনি, নট ফর ফিউ’। অর্থাৎ, তাদের সরকার হবে সংখ্যাগরিষ্ঠ জনগণের বন্ধু, মুষ্টিমেয় সুবিধাভোগীদের জন্য নয়।
বিশ্লেষকেরা বলছেন, এসব প্রতিশ্রুতি যদি সত্যি হয়, তবে লেবার পার্টি ৪০ বছর আগের সমাজতান্ত্রিক নীতিগুলোতে ফিরে যাচ্ছে। তাঁরা বলছেন, এবারের নির্বাচনের প্রতিশ্রুতিগুলো আর মুদ্রার এপিঠ-ওপিঠ থাকছে না। বরং প্রধান দুই দলের প্রতিশ্রুতি দুই মেরুর হবে।