যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার জন্য সাক্ষাৎকার দিতে হবে
যুক্তরাজ্যে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের ভিসার জন্য এখন থেকে ব্যক্তিগত সাক্ষাৎকারে হাজির হতে হবে। ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে লন্ডনের গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জে বক্তৃতাকালে এ ঘোষণা দেন। এত দিন একজন শিক্ষার্থীকে যুক্তরাজ্যের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া ভর্তির চিঠি, শিক্ষা সনদ ও আর্থিক সামর্থ্যের নথিপত্র যাচাই করেই শিক্ষার্থী ভিসা দেওয়া হতো। স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে বলেন, আগামী এপ্রিল থেকে নতুন পদ্ধতিতে শিক্ষার্থী ভিসা দেওয়া শুরু হবে। এতে করে ‘শিক্ষার্থী ভিসার অপব্যবহার’ বন্ধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনি যদি ইংরেজি বলতে পারেন এবং সঠিক বিশ্ববিদ্যালয়ে সঠিক কোর্সে ভর্তি হতে পারেন, তাহলে আপনি ঠিকই শিক্ষা লাভের জন্য ব্রিটেনে আসতে পারবেন।’ এ প্রসঙ্গে তিনি ভিসার জন্য ভুয়া কলেজ কর্তৃক ভর্তির চিঠি দেওয়ার ক্ষমতা বাতিলের কথাও উল্লেখ করেন। তিনি আরও বলেন, গত দশকে শিক্ষার্থী ভিসা প্রদানের বিষয়টি এক ধরনের ব্যবসায় রূপান্তরিত হয়েছিল। এতে করে হাজার হাজার শিক্ষার্থী প্রতারিত হয়ে দেশে ফিরে যেতে বাধ্য হন।