যুক্তরাজ্যে শিশুদেরও আছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে অস্ত্র আইনের ফাঁকফোকর থাকায় প্রায় পাঁচ হাজার শিশু আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছে। এমনকি ১০ বছর বয়সী কয়েকজন শিশুও পেয়েছে এই লাইসেন্স। বিষয়টিকে উদ্বেগজনক আখ্যা দিয়ে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত সিলেক্ট কমিটি অস্ত্র আইন সংশোধনের দাবি জানিয়েছে।কমিটি শটগানের সনদ দেওয়ার ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে অতীতে অপরাধ করেছে এমন ব্যক্তিদের শটগানের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি আরোপের সুপারিশ করেছে কমিটি।সিলেক্ট কমিটির প্রতিবেদনে দেখা গেছে, যাদের শটগানের লাইসেন্স দেওয়া হয়েছে, তাদের মধ্যে ২৬ জনের বয়স ১০ বছর। বর্তমান আইন অনুযায়ী এর চেয়ে কম বয়সী শিশুদেরও এ লাইসেন্স দেওয়ার অনুমোদন আছে। কমিটি বলেছে, এত কম বয়সী শিশুদের অস্ত্রের লাইসেন্স দেওয়া থেকে বিরত থাকা উচিত। যেসব লোক বিভিন্ন অপরাধে জড়িত এবং যাঁরা সাজাপ্রাপ্ত কিন্তু জামিনে আছেন, তাঁদের ক্ষেত্রেও এ বিষয়ে কড়াকড়ি আরোপ করা উচিত।বর্তমান আইন অনুযায়ী তিন বছর বা তার চেয়ে বেশি দিন দণ্ড ভোগকারী ব্যক্তি অতিরিক্ত অস্ত্র ব্যবহার করতে পারবে না। তবে তার আগের অস্ত্রটি সে সঙ্গে রাখতে পারবে।গত জুন মাসে ক্যাম্ব্রিয়ায় ডেরিক বার্ড (৫২) নামের একজন ট্যাক্সিচালক এলোপাতাড়ি গুলি চালিয়ে ১২ জনকে হত্যা এবং ১১ জনকে আহত করার পর অস্ত্র আইনের বিষয়টি উঠে আসে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির চেয়ারম্যান কেইথ ভাজ বলেন, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আরও কড়াকড়ি আরোপ করা দরকার। ২০১০ সালের ৭ সেপ্টেম্বরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইংল্যান্ড ও ওয়েলসে চার হাজার ৮৯৯ জন শিশুর নামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, যাদের বয়স ১৮ বছরের নিচে।যুক্তরাজ্যের বর্তমান অস্ত্র আইন অনুযায়ী, ১৮ বছরের নিচে কেউ আগ্নেয়াস্ত্র অথবা বিস্ফোরক কিনতে বা ভাড়া নিতে পারবে না। কিন্তু শটগানের সনদ নেওয়ায় কোনো বয়সসীমা নেই। পরিবারের ওপর হামলা হলে বা কেউ জায়গা দখল করতে এলে তারা শটগান দিয়ে গুলি ছুড়তে পারবে। যুক্তরাজ্যে ফসলের খামারে শিয়াল বা বুনো জন্তুর উপদ্রব থেকে বাঁচতে সাধারণত শটগান ব্যবহার করা হয়।কমিটি বলেছে, যেকোনো ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহারে সুনির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করতে হবে। ১৫ বছর না হওয়া পর্যন্ত শিশুদের অন্তত ২১ বছর বয়সী কারও তত্ত্বাবধানে থেকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করার আইন করতে হবে।তবে কান্ট্রিসাইড ক্যাম্পেইনের পরিচালক রবার্ট গ্রে আগ্নেয়াস্ত্র-সম্পর্কিত ওই প্রস্তাবকে বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যহীন বলে আখ্যায়িত করেন।অপরাধ প্রতিরোধ-বিষয়ক মন্ত্রী জেমস ব্রোকেনশায়ার বলেন, জনগণের নিরাপত্তা বিধান সরকারের প্রধান দায়িত্ব। যুক্তরাজ্যের অস্ত্র আইন অত্যন্ত কড়া। এর পরও সরকার প্রয়োজন মনে করলে এ আইন আরও কঠিন করা হবে।যুক্তরাজ্যে গত দুই বছরে ৭৮ জন করে আগ্নেয়াস্ত্রের গুলিতে নিহত হয়। আর গুলিতে ২০০৯ সালে আহত হয় এক হাজার ৬৬৬ এবং ২০১০ সালে আহত হয়েছে এক হাজার ৯০০ জন। ডেইলি মেইল অনলাইন।