যুক্তরাজ্যে সংবাদপত্র নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে সংবাদপত্রশিল্পের প্রচলিত রীতিনীতি, সংস্কৃতি ও নৈতিকতা বিষয়ে গঠিত লর্ড লেভিসন কমিশন সংবাদপত্রের জন্য একটি স্বাধীন নিয়ন্ত্রক সংস্থা প্রতিষ্ঠার সুপারিশ করেছে। এর জের ধরে ক্ষমতাসীন জোট সরকারের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।আইন প্রণয়নের মাধ্যমে এই প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব করে কমিশন বলেছে, এই প্রতিষ্ঠানকে সরকার, রাজনীতিক, মালিক ও সম্পাদকদের প্রভাবমুক্ত রাখতে হবে। সংবাদপত্রশিল্পে স্বেচ্ছা নিয়ন্ত্রণের ব্যবস্থা কীভাবে চালু করা যায়, তা সংবাদপত্রশিল্পকেই ঠিক করতে হবে উল্লেখ করে নীতিমালা, বিশেষ করে ব্যক্তির গোপনীয়তা লঙ্ঘনের জন্য বড় অঙ্কের জরিমানার বিধান করার জন্যও কমিশন সুপারিশ করেছে।এদিকে, কমিশনের সুপারিশ বাস্তবায়নের প্রশ্নে ক্ষমতাসীন জোটের মধ্যে বড় ধরনের মতবিরোধ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগের মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে। ক্যামেরন গতকাল পার্লামেন্টে এই কমিশনের রিপোর্ট তুলে ধরে কমিশনের সুপারিশ বাস্তবায়নে সর্বদলীয় আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে কোনো আইন করার বিপক্ষে মত দিয়ে বলেছেন, সংবাদপত্রশিল্প নিজেরাই কার্যকর ও শক্তিশালী স্বনিয়ন্ত্রণ ব্যবস্থার পথে এগোবে বলে তিনি আশা করেন।তবে বিরোধী নেতা এড মিলিব্যান্ড কমিশনের সুপারিশ বাস্তবায়নে আইন করার পক্ষে মত দিয়েছেন।যুক্তরাজ্যের বন্ধ হয়ে যাওয়া সর্বাধিক প্রচারিত চটুল পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর সাংবাদিকদের বেআইনি নানা কার্যকলাপ ও ফোনে আড়ি পাতার জের ধরে লর্ড জাস্টিস লেভিসনের নেতৃত্বে গত বছরের জুলাই মাসে এই কমিশন গঠিত হয়। গত দুই দশকে রাজনীতিকদের সঙ্গে সংবাদপত্রশিল্পের ঘনিষ্ঠতার সমালোচনা করে কমিশন এ ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে লবিস্টদের সঙ্গে মন্ত্রীদের যোগাযোগ বা লেনদেন প্রশ্নেও নতুন নীতিমালা তৈরির সুপারিশ করেছে কমিশন।ডেভিড ক্যামেরন কমিশনে নিজে সাক্ষ্য দিতে এসে নিউজ অব দ্য ওয়ার্ল্ড পত্রিকাটির মালিক ও সম্পাদকদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার বিব্রতকর বিবরণ প্রকাশ করতে বাধ্য হন। কমিশন তিনজন সাবেক প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, অন্য অর্ধডজন মন্ত্রীসহ মোট ৩৩৭ জনের সাক্ষ্য গ্রহণ ছাড়াও আরও ৩০০ জনের কাছ থেকে লিখিত জবানবন্দি গ্রহণ করে।