যুক্তরাজ্যে সন্দেহভাজন প্রায় ১০০ যুদ্ধাপরাধী বাস করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বছর বিভিন্ন দেশের প্রায় ১০০ জন সন্দেহভাজন যুদ্ধাপরাধীকে শনাক্ত করেছে। তাঁরা নাগরিকত্ব বা আশ্রয় পেতে দেশটির অভিবাসন দপ্তরে আবেদন করেছেন। তাঁদের বেশির ভাগই দেশটিতে বেশ কয়েক বছর ধরে বসবাস করছেন। তথ্য অধিকার আইনের আওতায় বিবিসির করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্দেহভাজন যুদ্ধাপরাধীরা আফগানিস্তান, ইরান, ইরাক, লিবিয়া, রুয়ান্ডা, সার্বিয়া, শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশের নাগরিক। মন্ত্রণালয় বলেছে, যুক্তরাজ্য যাতে ‘যুদ্ধাপরাধীদের আশ্রয়স্থল’-এ পরিণত না হয়, তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। কাউকে অভিবাসী হিসেবে গ্রহণ করার ক্ষেত্রে যুক্তরাজ্য মানবাধিকারের বিষয়টি গুরুত্ব দিয়ে থাকে। সংশ্লিষ্ট ব্যক্তির যদি তাঁর কৃতকর্মের জন্য নিজ দেশে নির্যাতন বা মৃত্যুদণ্ড পাওয়ার আশঙ্কা থাকে, তবে যুক্তরাজ্য সাধারণভাবে তাঁকে বহিষ্কারের পদক্ষেপে বাধা দেয়। এ কারণে মানবাধিকার গ্রুপগুলো সে দেশেই অধিকতর ফৌজদারি বিচারের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবিসিকে যেসব তথ্য সরবরাহ করেছে, তাতে দেখা গেছে, ২০১২ সালের জানুয়ারি মাস থেকে পরবর্তী ১৫ মাসে এই মন্ত্রণালয় যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে প্রায় ৮০০টি ঘটনা পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে। মন্ত্রণালয় মোট ৯৯ জনের বিরুদ্ধে ‘নেতিবাচক সুপারিশ’ করেছে। এই ৯৯ জন যুক্তরাজ্যে নাগরিকত্ব, রাজনৈতিক আশ্রয় বা অন্য কোনোভাবে থেকে যাওয়ার অনুমতি পাওয়ার জন্য আবেদন করেছেন। এ ছাড়া এই ১৫ মাসে আরও ১৬ জন সন্দেহভাজন অপরাধী দেশটিতে প্রবেশের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। এর আগে ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত সময়ে সন্দেহভাজন ৭০০ জনের বেশি যুদ্ধাপরাধীকে শনাক্ত করেছিল ব্রিটিশ অভিবাসন দপ্তর। ব্রিটিশ পার্লামেন্টের গণহত্যা প্রতিরোধবিষয়ক একটি সর্বদলীয় কমিটির চেয়ারম্যান মিশেল ম্যাককান মনে করছেন, এ সংখ্যা যুক্তরাজ্যে সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের অবস্থানের বিষয়ে সরকারের আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে। তিনি বলেন, ‘আমি গভীরভাবে উদ্বিগ্ন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে যতটা স্পষ্টবাদী হতে পারে ততটা হচ্ছে না।’ উল্লিখিত ৯৯ জনের মধ্যে তিনজনকে গত বছর বিতাড়িত করা হয়েছে। ২০ জনের আশ্রয়ের আবেদন এবং ৪৬ জনের নাগরিকত্ব পাওয়ার আবেদন প্রত্যাখ্যাত হয়েছে। তবে তাঁরা যুক্তরাজ্যে রয়ে গেছেন। বাকিদের ভাগ্যে কী ঘটেছে, তা জানা যায়নি। চলতি বছরের মে মাসে যুক্তরাজ্যে রুয়ান্ডার পাঁচ নাগরিককে ১৯৯৪ সালের গণহত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে তিনজন এখনো কারাগারে আর অন্য দুজন জামিনে মুক্ত রয়েছেন। এর আগে ২০০৯ সালে রুয়ান্ডার চার নাগরিককে বহিষ্কারের চেষ্টা ব্রিটিশ হাইকোর্টের হস্তক্ষেপে ভেস্তে যায়। মানবাধিকারকর্মীরা বলছেন, এসব ঘটনা প্রমাণ করে যুক্তরাজ্যে থাকা সন্দেহভাজন আন্তর্জাতিক যুদ্ধাপরাধীদের বিষয়গুলো নিয়ে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, যুক্তরাজ্যে বর্তমানে ৫৫ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত চলছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের কাছে মাত্র নয়টির নথিপত্র পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘এ ধরনের অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের তাঁদের নিজ দেশে বিচারের মুখোমুখি দাঁড় করানো উচিত। আমরা সব সময়ই তাঁদের বিচারের মুখোমুখি করতে নিজ দেশে ফেরত পাঠানোর চেষ্টা করব।’ বিবিসি।