যুক্তরাজ্যে সরকারি প্রতিষ্ঠানের তথ্য পেতে অর্থ লাগবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে ফ্রিডম অব ইনফরমেশন (এফওআই) নামের তথ্য অধিকার আইনের আওতায় তথ্য পাওয়ার জন্য কোনো অর্থ দিতে হবে না। এ-সংক্রান্ত আইনটি পর্যালোচনার পর দেশটির মন্ত্রিসভা এ সিদ্ধান্ত নিয়েছে। খবর বিবিসির।
‘সংবেদনশীল তথ্য’ যথেষ্ট সুরক্ষিত নয়—সরকারের ভেতরেই এমন উদ্বেগের পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখতে একটি স্বাধীন কমিশনকে দায়িত্ব দেওয়া হয়। ক্যাবিনেট অফিস-বিষয়ক মিনিস্টার ম্যাট হ্যানকক বলেন, সাংবাদিক ও বিভিন্ন আন্দোলনের কর্মীরা সরকারি প্রতিষ্ঠানের তথ্য জানতে এফওআই আইন ব্যবহার করেন। এটি ভালোভাবেই কাজ করছে। সরকারি প্রতিষ্ঠানের ব্যয়ের তথ্য প্রকাশের জন্য নতুন কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে।
এফওআই কমিশনের পর্যালোচনা প্রতিবেদন পরে প্রকাশ করা হবে। তবে এ বিষয়ে আগাম ইঙ্গিত দিয়ে হ্যানকক বলেন, এফওআই আইনে সামগ্রিক কোনো পরিবর্তন হবে না। সরকারি কাজে স্বচ্ছতা বাড়ানো হবে এবং সব সরকারি প্রতিষ্ঠান যাতে জ্যেষ্ঠ কর্মীদের বেতন-ভাতার বিস্তারিত তথ্য নিয়মিত প্রকাশ করে, তা নিশ্চিত করা হবে। করদাতা নাগরিকদের জানতে হবে, তাঁদের দেওয়া অর্থ কী কাজে লাগছে।
সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আমলে ২০০০ সালে ফ্রিডম অব ইনফরমেশন আইন চালু হয়। এটি সরকারি কর্তৃপক্ষের বিভিন্ন তথ্য জনগণের জানার সুযোগ করে দেয়।