শত শত ভোটার ভোট দিতে পারেননি, বিভিন্ন কেন্দ্রে বিক্ষোভ
যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন ২০১০ যুক্তরাজ্যেও ‘তৃতীয় বিশ্বের মতো লজ্জাজনক’ দৃষ্টান্ত
যুক্তরাজ্যে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও শত শত ভোটার ভোট দিতে পারেননি। ভোট দিতে না পেরে তাঁরা কেন্দ্রগুলোতে বিক্ষোভ করেছেন। এ জন্য তাঁরা নির্বাচন কমিশনের ‘নজিরবিহীন ব্যর্থতা’কে দায়ী করেছেন। নির্বাচন পর্যবেক্ষকেরা ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছেন। বিশ্লেষকেরা এ ঘটনাকে তৃতীয় বিশ্বের দেশগুলোর মতো যুক্তরাজ্যের এক লজ্জাজনক দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন।কর্মকর্তারা বলেছেন, লন্ডন, শেফিল্ড, নিউ ক্যাসেল, ম্যানচেস্টার, লিভারপুল ও বার্মিংহামের বহু কেন্দ্রে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক ভোটার ভোট দিতে পারেননি। ভোট কর্মকর্তাদের সংখ্যা কম থাকায় নির্ধারিত সময়ের মধ্যে সবার ভোট গ্রহণ করা সম্ভব হয়নি। ব্রিটেনের নির্বাচন আইন অনুযায়ী, রাত ১০টার পরে ভোট গ্রহণ করা বৈধ নয়। ঘড়িতে ১০টা বেজে গেলেও লাইনে তখনো প্রচুর ভোটার ছিলেন। তাঁদের ভোট গ্রহণের আর সুযোগ নেই বলে নির্বাচন কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হলে বহু ভোটারকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। কোনো কোনো কেন্দ্রে ভোটাররা অবস্থান নিয়ে ব্যালট বাক্স বুথ থেকে বাইরে আনতে বাধা দেন। তাঁদের সেখান থেকে সরিয়ে দিতে পুলিশ মোতায়েন করতে হয়।লিবারেল ডেমোক্র্যাটস নেতা নিক ক্লেগের নির্বাচনী এলাকা শেফিল্ড হাল্লামের কেন্দ্রগুলোতে ভোটারদের তিন ঘণ্টারও বেশি দাঁড়িয়ে থাকতে হয়েছে। এই দুর্ভোগের জন্য ক্লেগ নিজে সেখানে হাজির হয়ে ভোটারদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। শেফিল্ডের র্যানমুর ও উডসিটসের দুটি কেন্দ্রে ভোট দিতে না পারা বিক্ষোভকারীদের সামাল দিতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।লেবার নেতা ও প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, টোরি নেতা ডেভিড ক্যামেরন ও লিবারেল ডেমোক্রেটিক নেতা নিক ক্লেগ তিনজনই এ ঘটনায় নিন্দা জানিয়েছেন। বিবিসি টেলিভিশনের নির্বাচনবিষয়ক উপস্থাপক ডেভিড ডিমব্লেবি বলেছেন, কম উন্নত গণতান্ত্রিক দেশগুলোর সামনে হইচইপূর্ণ এই নির্বাচন ব্রিটেনকে লজ্জায় ফেলে দিয়েছে।লিভারপুলের একটি কেন্দ্রে ব্যালট পেপার শেষ হয়ে যাওয়ায় অনেক ভোটার ভোট দিতে পারেননি। ওয়েভারট্রি এলাকার ডিউবাবিন রোড স্টেশনের একটি কেন্দ্রেও একই ধরনের ঘটনা ঘটে। লন্ডনের পুলিশ কর্মকর্তারা বলেছেন, লিউশ্যাম কেন্দ্রে প্রায় ৩০০ এবং হ্যাকনি কেন্দ্রে ১৫০ জন ভোটার ভোট দিতে পারেননি।নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এসব ঘটনা খতিয়ে দেখবে। খোদ কমিশনের প্রধান জেনি ওয়াটসন বর্তমান ভোট গ্রহণের পদ্ধতিকে ‘মধ্যযুগীয় পদ্ধতি’ বলে আখ্যায়িত করেছেন।জেনি ওয়াটসন বলেন, আইনের বাইরে তাঁদের কিছুই করার ছিল না। বর্তমান আইন অনুযায়ী রাত ১০টার পর কোনো অবস্থাতেই ভোট গ্রহণ করার বিধান নেই। ভোটার উপস্থিতি বেশি হওয়ায় ওই সময়ের মধ্যে যদি নির্বাচন কর্মকর্তারা সবার ভোট নিতে সক্ষম না হন, তাহলে তাঁদের করার কিছু নেই। এএফপি, টেলিগ্রাফ ও বিবিসি অনলাইন।