যুক্তরাজ্যে হাজারো বাড়িঘর এখনো বিদ্যুৎহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের ওপর দিয়ে গত শুক্রবার বয়ে যাওয়া তুষারঝড়ের আঘাতে বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তুষারপাতে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছে। এখনো হাজারো বাড়িঘর বিদ্যুৎহীন রয়েছে।স্কটল্যান্ডে তুষারঝড়ের কারণে কয়েক হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ওই এলাকার বৈদ্যুতিক তারগুলো নষ্ট হয়ে গেছে। আবহাওয়া প্রতিকূল হওয়ায় ওই সব এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।উত্তর আয়ারল্যান্ডের বিদ্যুৎ বিভাগ বলছে, গত শুক্রবার এই ভয়ংকর তুষারঝড় শুরু হয়। শনিবার রাত থেকে এ এলাকার প্রায় দুই হাজার বাড়ি বিদ্যুৎহীন রয়েছে।উত্তর আয়ারল্যান্ড বিদ্যুৎ বিভাগের একজন মুখপাত্র গতকাল মঙ্গলবার জানান, গ্রামাঞ্চলের কিছু এলাকা রাতে বিদ্যুৎহীন অবস্থায় থাকবে। গ্রামের বিপর্যস্ত অনেক এলাকায় সড়কপথে যাওয়া সম্ভব হচ্ছে না। তিনি বলেন, হেলিকপ্টারে বেশ কিছু যন্ত্রপাতিসহ একটি মেরামতকারী দল ওই অঞ্চলে পাঠানো হয়েছে।স্কটল্যান্ডেও প্রায় একই অবস্থা। মেরামতকারীরা কিনটায়ার এলাকায় প্রায় সাড়ে তিন হাজার বাড়িতে এবং অ্যারন এলাকায় প্রায় দেড় হাজার বাড়িতে আবারও বিদ্যুৎ-সংযোগ দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অ্যারনের একটি হোটেলের ব্যবস্থাপক জানান, স্থানীয় লোকজন জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে বর্তমানে তাঁদের হোটেলে অবস্থান করছেন।ওই এলাকার রাস্তায় তুষার জমে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে ওই সব এলাকায় সীমিত পরিসরে ত্রাণতৎপরতা চলছে। নির্ধারিত খেলা ও বিমানের ফ্লাইট আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। বিবিসি।