যুক্তরাজ্যে ৯০ হাজার শিক্ষার্থী অবৈধ
যুক্তরাজ্যে উচ্চ শিক্ষার্থে আসা বিভিন্ন দেশের প্রায় ৯০ হাজার শিক্ষার্থী নানা কারণে অবৈধ হয়ে পড়েছেন। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনুসন্ধান চালিয়ে এমন চিত্র পাওয়া গেছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদের স্বরাষ্ট্রবিষয়ক কমিটি। গত আগস্টে অবৈধ শিক্ষার্থীদের ভর্তিসহ লন্ডন মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ে নানা অনিয়ম ধরা পড়লে বিদেশি ছাত্র ভর্তির লাইসেন্স বাতিল করে দেয় ইউকে বর্ডার এজেন্সি (ইউকেবিএ)। বিদেশি শিক্ষার্থী ভর্তিতে যথাযথ নিয়ম না মানায় এবং ক্লাসে শিক্ষার্থীদের নগণ্য উপস্থিতির প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয়টি বিদেশি ছাত্র ভর্তির যোগ্যতা হারিয়েছিল। নিয়মিত অনুসন্ধান চালাতে গিয়ে টিসাইড ও গ্লাসগো ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয়েও একই অনিয়ম পায় ইউকেবিএ।এ বিষয়ে ইউকে বর্ডার এজেন্সির প্রধান রব হুয়াটম্যান হোম অ্যাফেয়ার্স কমিটিকে বলেন, ‘গত গ্রীষ্ম পর্যন্ত নানা কারণে ৯০ হাজারের বেশি শিক্ষার্থী অবৈধ হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। আগামী মার্চের মধ্যে তাদের বিষয়ে সমাধান করা যাবে। তা ছাড়া এ সমস্যা সমাধানে আমরা লোকবল বাড়িয়েছি।’ ইউকে বর্ডার এজেন্সির দেওয়া তথ্যে আরও জানা যায়, ৫০ হাজারের বেশি ভিসা আবেদনকারীর তথ্য এখনো ইউকে বর্ডার এজেন্সি তাদের তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত করা হয়নি। এদিকে গত সপ্তাহে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে শিক্ষা ভিসা সম্পর্কে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তবে মেধাবী ও যোগ্য শিক্ষার্থীদের জন্য এ দেশের দ্বার সব সময়ই উন্মুক্ত।