যুক্তরাজ্যে 'বাংলাদেশ ফ্যাশন উইক'

বাংলাদেশি ঐতিহ্যে প্রভাবিত ফ্যাশন ডিজাইনারদের কাজ নিয়ে যুক্তরাজ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ফ্যাশন উইক’। আগামী ১ অক্টোবর লন্ডনের অভিজাত বাণিজ্যিক এলাকা ক্যানারি ওয়ার্ফের উইন্টার গার্ডেন মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই ফ্যাশন শো। এর আয়োজক যুক্তরাজ্যে সদ্য যাত্রা শুরু করা ব্রিটিশ-বাংলাদেশ ফ্যাশন কাউন্সিল (বিবিএফসি)।
গত মঙ্গলবার পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিবিএফসির প্রধান নির্বাহী ফখরুল হক বলেন, যুক্তরাজ্যে বেড়ে ওঠা উদীয়মান বাংলাদেশি ফ্যাশন ডিজাইনারদের পাশাপাশি বাংলাদেশ থেকেও বেশ কয়েকজন ডিজাইনার ঐতিহ্যবাহী ও হালের ধারার কিছু নকশা ও বুনন নিয়ে হাজির হবেন এই প্রদর্শনীতে। বিশ্বখ্যাত বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলও এ আয়োজনে যোগ দেবেন বলে জানান আয়োজকেরা।
বিবিএফসি একটি অলাভজনক প্রতিষ্ঠান জানিয়ে এর প্রধান নির্বাহী ফখরুল হক বলেন, বাংলাদেশি ফ্যাশন, শিল্প ও সংস্কৃতিকে উপস্থাপন ও উদ্যাপনের পাশাপাশি যুক্তরাজ্যের মূলধারার ফ্যাশন শিল্পে বাংলাদেশি পোশাক নকশাকরদের সৃষ্টিশীলতাকে তুলে ধরা এবং তাঁদের ফ্যাশন খাতের নেতৃস্থানীয়দের সঙ্গে সেতুবন্ধের সুযোগ করে দিতেই কাজ করবে বিবিএফসি।
ফখরুল হক বলেন, যুক্তরাজ্যে ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের ফ্যাশন উইক অনুষ্ঠিত হচ্ছে বেশ আগে থেকেই। অথচ পোশাকশিল্পের পরাশক্তি বাংলাদেশের কোনো আয়োজন এখানে নেই। আবার যুক্তরাজ্যে বেড়ে ওঠা বাংলাদেশিরা রাজনীতি, সাহিত্য, সংস্কৃতিসহ বিভিন্ন খাতের গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত হলেও ফ্যাশন নিয়ে কোনো আলোচনাতেও নেই। এই শূন্যতা পূরণ করতে ফ্যাশন নিয়ে যাঁরা কাজ করছেন বা করতে আগ্রহী, তাঁদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে চান তাঁরা।
ওই উদ্যোগকে স্বাগত জানিয়ে এক বার্তায় বিবি রাসেল বলেন, ‘ফ্যাশন শোতে মনোমুগ্ধকর সুর ও ছন্দের তালে মডেলদের পারফরম্যান্স এবং পোশাকে বাংলাদেশি ঢং ও জাদুকরি বুননের অভিজ্ঞতায় আপনি মুগ্ধ হবেন—এতে কোনো সন্দেহ নেই।’
এই ফ্যাশন শোতে বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও হালের ফ্যাশনের পাশাপাশি থাকবে বিয়ের পোশাকের প্রদর্শনী। মেকআপ আর্টিস্ট, হেয়ারস্টাইলার এবং এক্সেসরি ডিজাইনারদের কাজও থাকবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশি ফ্যাশন শিল্পের সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন যুক্তরাজ্যের বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির। এ ছাড়া যুক্তরাজ্যে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ফ্যাশন ডিজাইনার রুকিয়া উল্লাহ, নাদিয়া আলী ও আয়েশা খানও ফ্যাশন নিয়ে কথা বলেন। তাঁরা বলেন, যুক্তরাজ্যে বেড়ে ওঠা প্রজন্মের কথা মাথায় রেখেই তাঁরা মূলত পোশাকের নকশা করেন। যাতে বাংলাদেশি ঐতিহ্যের পাশাপাশি পশ্চিমা ধাঁচের ও হালের প্রচলনের ছাপ থাকে। এসব পোশাক বাংলাদেশিদের পাশাপাশি পশ্চিমা ক্রেতাদেরও আকর্ষণ করার ক্ষমতা রাখে বলেও মনে করেন তাঁরা।