যুক্তরাজ্যেআবেগঘন সফরে অং সান সু চি
চার দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। ঐতিহাসিক দিক দিয়েও এ সফরের গুরুত্ব অনেক। দুই দশকের বেশি সময় পর যুক্তরাজ্যে পরিবারের সঙ্গে পুনর্মিলন হবে তাঁর। তাই অনেকটা আবেগ জড়িয়ে আছে তাঁর এ সফরের সঙ্গে।সালটা ১৯৮৮। মিয়ানমারে সু চির মা গুরুতর অসুস্থ। খবর পেয়েই যুক্তরাজ্য থেকে ছুটে যান তিনি। তবে জান্তা সরকার সু চির দেশে ফেরা ভালোভাবে নেয়নি। তাঁকে গৃহবন্দী করে। সে সময় সু চি কি ভাবতে পেরেছিলেন, যুক্তরাজ্যে তাঁর আবার ফিরতে ২৪ বছর লেগে যাবে? ১৭ দিনের ইউরোপ সফরের অংশ হিসেবে গতকাল মঙ্গলবার লন্ডন পৌঁছার পর সু চিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত জানান। অবশ্য অক্সফোর্ড শহরে সু চির অনেক সুখের অভিজ্ঞতা আছে। ব্রিটিশ স্বামী মাইকেল এরিস ও দুই সন্তানকে নিয়ে তিনি এ শহরেই থাকতেন। ১৯৯৯ সালে এরিসের মৃত্যু হয়। ছোট ছেলে কিম (৩৫) এ শহরেই আছেন। তাঁর সঙ্গে দেখা হবে সু চির। আর বড় ছেলে আলেক্সান্ডার (৩৯) যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে থাকেন। এএফপি।