যুক্তরাজ্যেও জাতপাতের বৈষম্য!
জাতপাতের বৈষম্যের অবসান ঘটানোর আইন তৈরির দাবিতে পার্লামেন্ট ভবনের বাইরে শীতের রাতে চার শতাধিক বিক্ষোভকারী স্লোগান দিচ্ছেন—এ ধরনের দৃশ্যের বর্ণনা শুনলে মনে হতে পারে এটা এশিয়ার কোনো শহরের।কিন্তু না, এটা যুক্তরাজ্যের গণতন্ত্রের অন্যতম তীর্থকেন্দ্র ওয়েস্টমিনস্টার হলের বাইরের দৃশ্য। গত সোমবার ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের বর্ণবাদবিষয়ক একটি আইনের বিষয়ে বিতর্কের সময় অস্পৃশ্য দলিত সম্প্রদায়ের পক্ষ থেকে ওই বিক্ষোভ করা হয়।বর্ণবাদী বৈষম্যের বিষয়টিকে নিষিদ্ধ করার বিধান অন্তর্ভুক্ত না থাকায় সরকারের এন্টারপ্রাইজ অ্যান্ড রেগুলেটরি রিফর্ম বিল এদিন প্রত্যাখ্যান করে লর্ড সভায় একটি সংশোধনী পাস হয়। সংশোধনীর পক্ষে ২৫৬ ভোট এবং বিপক্ষে ১৫৩ ভোট পড়ে। সরকারের পক্ষ থেকে সংশোধনীটির বিরুদ্ধে অবস্থান নিয়ে যুক্তি দেওয়া হয় যে জাতপাতের এ বৈষম্যের বিষয়টি মোকাবিলার জন্য সরকার একটি শিক্ষামূলক কার্যক্রম হাতে নিয়েছে।সংশোধনীটির প্রস্তাবক বিশপ অব অক্সফোর্ড লর্ড হ্যারিস বিতর্কে অংশ নিয়ে জানান যে ব্রিটেনে দলিত সম্প্রদায়ের সদস্যসংখ্যা এখন প্রায় চার লাখ ৮০ হাজার এবং শিক্ষা, চাকরি এবং বিভিন্ন রাষ্ট্রীয় সেবা পাওয়ার ক্ষেত্রে তারা এখনো বৈষম্যের শিকার হচ্ছে। লর্ড হ্যারিস বলেন, বৈষম্যের বিরুদ্ধে আইনগত প্রতিকার পাওয়ার কোনো সুযোগ তাঁদের নেই।লর্ড সভায় ক্ষমতাসীন জোটের শরিক টোরি এবং লিবারেল ডেমোক্র্যাট দলের বেশ কয়েকজন সদস্য সরকারি বিলের বিপক্ষে দৃঢ় অবস্থান নিয়ে আবেগপূর্ণ বক্তব্য দেন। টোরি পার্টির সাবেক মন্ত্রী লর্ড ডেবেন বলেন, অস্পৃশ্যদের নাম বদল করে দলিত বলে ডাকলেই বাস্তবতার কোনো পরিবর্তন হয় না। বাস্তবতা হচ্ছে, শুধু জন্মগত কারণে একজন ব্যক্তি এ ধরনের বিরূপ আচরণের সম্মুখীন হয়।যুক্তরাজ্যেও জাতপাতের বাছবিচার এবং বৈষম্যের কিছু আলামত দেখতে পাওয়ার কথা স্বীকার করে সরকারের পক্ষ থেকে ব্যারোনেস স্টোওয়েল বলেন, সরকার ভবিষ্যতে এ ধরনের আইন করার পথ বন্ধ করছে না।হাউস অব লর্ডস সাধারণত হাউস অব কমন্সে কোনো বিল পাসের আগে প্রস্তাবিত আইনের খুঁটিনাটি বিচার-বিশ্লেষণ করে থাকে। এ ক্ষেত্রে প্রস্তাবিত আইনটি কত দিনের মধ্যে আবার হাউস অব কমন্সে উত্থাপিত হবে—তা স্পষ্ট নয়। যুক্তরাজ্যে এ সমস্যাটির উৎস অবশ্য দক্ষিণ এশীয়দের অভিবাসন। ‘নো এস্কেপ-কাস্ট ডিসক্রিমিনেশন ইন ইউকে’ শীর্ষক এক প্রতিবেদনে গবেষকেরা দেখিয়েছেন, মূলত বিয়ের ক্ষেত্রে এ সমস্যাটি প্রকট হয়ে দেখা দেয় এবং তাঁরা বলছেন, জাতের বাইরে বিয়ের ক্ষেত্রে দম্পতিদের মধ্যে সহিংসতা, ভীতি প্রদর্শন এবং একঘরে করে রাখার প্রমাণ পেয়েছেন তাঁরা।হিন্দু ফোরাম অব ব্রিটেনের কর্মকর্তা কপিল দুদাকিয়া দাবি করেছেন, যুক্তরাজ্যে জাতপাতের বৈষম্য এখন অনুপস্থিত।