যুক্তরাজ্যেও পৌঁছেছে ঘাতক ব্যাকটেরিয়া, আক্রান্ত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘাতক ব্যাকটেরিয়া ই. কোলাইর বিস্তার যুক্তরাজ্যেও গিয়ে পৌঁছেছে। এই ব্যাকটেরিয়ায় সেখানে সাতজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ কথা জানান। গতকাল ইউরোপীয় সবজি আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। স্পেন বলেছে, নিশ্চিত না হয়েই তাদের রপ্তানি করা শসাকে ই. কোলাইর বাহক বলে ঘোষণা করায় জার্মানির কাছে তারা ক্ষতিপূরণ চাইবে। এই ব্যাকটেরিয়াজনিত রোগে জার্মানিসহ ইউরোপে এ পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে।যুক্তরাজ্যের হেলথ প্রটেকশন এজেন্সি এক বিবৃতিতে জানায়, যুক্তরাজ্যে যে সাতজন ই. কোলাই ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছেন, এর মধ্যে তিনজন হলেন ব্রিটিশ নাগরিক। সম্প্রতি তাঁরা জার্মানি সফর করেছেন। অন্য চারজন জার্মান নাগরিক। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরোমাত্রায় হিমোলাইটিক ইউরিমিক সিনড্রোমে (এইচইউএস) ভুগছেন। অন্য চারজনের রক্ত-ডায়রিয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, আক্রান্ত ব্যক্তিদের অসুস্থ হওয়ার সঙ্গে জার্মানিতে ছড়িয়ে পড়া ই. কোলাইর যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সংস্থাটির রোগ বিশেষজ্ঞ ডাইলিস মরগান বলেন, খুব সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। রাশিয়া বলেছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো থেকে টাটকা সবজি আমদানির ওপর তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাদের খাদ্য নিরাপত্তার মানদণ্ড নিয়ে মস্কো ক্ষোভ প্রকাশ করে। রাশিয়ার ভোক্তা রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে দেশটির ভোক্তা সুরক্ষা সংস্থার প্রধান জেনাদি ওনিশেঙ্কোর উদ্ধৃতি দিয়ে বলা হয়, ইইউভুক্ত দেশগুলো থেকে টাটকা সবজি আমদানির ওপর নিষেধাজ্ঞা বৃহস্পতিবার থেকে কার্যকর হলো। এদিকে নিশ্চিত না হয়েই জার্মানির কিছু কর্মকর্তা ঘোষণা দিয়ে ফেলেন, স্পেন থেকে আমদানি করা শসার মাধ্যমে ই. কোলাইর বিস্তার ঘটেছে। এতে স্পেনের সবজির ব্যবসায় ধস নেমেছে। এ ব্যাপারে স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুই রদ্রিগুয়েজ জাপাতেরো বলেন, দুর্বল অর্থনীতি ও ব্যাপক বেকারত্বের কারণে এমনিতেই তাঁরা বিপর্যস্ত, এর মধ্যে সবজির বিষয়টি তাঁদের আরও বেকায়দায় ফেলেছে। এই মিথ্যা অভিযোগের কারণে তাঁরা জার্মানির কাছে ক্ষতিপূরণ দাবি করবেন। জার্মানিতে গত সপ্তাহে মানবদেহে ই. কোলাই ব্যাকটেরিয়ার অস্তিত্ব সনাক্ত করা হয়। এটি সম্পূর্ণ নতুন ধরনের ই. কোলাই বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। স্পেন থেকে আমদানি করা শসায় ই. কোলাইর উপস্থিতি শনাক্ত করা হলেও এটাই ব্যাকটেরিয়ার মূল বাহক কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এএফপি ও বিবিসি।