ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালোন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লন্ডন, ম্যানচেস্টার বা গ্লাসগোসহ যুক্তরাজ্যের নগরগুলোতে ‘সহজেই’ প্যারিসের কায়দায় সন্ত্রাসী হামলা হতে পারে। এই পরিস্থিতি এড়াতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাতে হবে, কারণ একমাত্র শক্তিপ্রয়োগের মাধ্যমেই তাদের পরাস্ত করা সম্ভব। গতকাল রোববার সানডে টেলিগ্রাফ-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ফ্যালোন এ কথা বলেন। খবর বিবিসির।
সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলা চালানো নিয়ে কনজারভেটিভ সরকার ও বিরোধী লেবার পার্টির নেতারা পরস্পরবিরোধী অবস্থান নিয়েছেন। এমন পটভূমিতে আইএস ঘাঁটিতে অভিযানের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে ফ্যালোন এই মন্তব্য করলেন।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন কয়েক দিন আগে ঘোষণা দেন, যুক্তরাজ্যের নিজস্ব ‘নিরাপত্তার স্বার্থে’ তাঁর সরকার সিরিয়ায় আইএস ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালাতে চায়। এ ব্যাপারে তিনি বিরোধী দলের সমর্থনও চান। লেবার পার্টির নতুন নেতা জেরেমি করবিন এর বিরোধিতা করে বলেছেন, আইএসের ওপর হামলা চালালে যুক্তরাজ্যের নিরাপত্তা বরং আরও হুমকিতে পড়তে পারে। তবে লেবার দলের অনেক এমপি ক্যামেরনকে সমর্থন দিতে চান। এমনকি তাঁরা বলেছেন, করবিন তাঁর নিজের মত চাপিয়ে দিলে তাঁরা দল ছেড়ে দেবেন।
সিরিয়ায় বিমান অভিযান নিয়ে সিদ্ধান্ত নিতে চলতি সপ্তাহে হাউস অব কমন্সে ভোট হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। সাক্ষাৎকারে মাইকেল ফ্যালোন স্বীকার করেন, যদি লেবার নেতা করবিন তাঁর এমপিদের বিমান হামলার বিরুদ্ধে ভোট দেওয়ার আদেশ দিয়ে
থাকেন, তাহলে সরকারকে এই সিদ্ধান্ত পাস করতে খুবই বেগ পেতে হবে।