যুক্তরাজ্যের ইইউ ত্যাগের প্রশ্নে গণভোট নিয়ে তোড়জোড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যুক্তরাজ্যের থাকা না থাকা প্রশ্নে অনুষ্ঠিতব্য গণভোট নিয়ে হঠাৎ তোড়জোড় শুরু হয়েছে। গণভোটের জন্য নির্ধারিত প্রশ্ন পরিবর্তনের সুপারিশ করেছে নির্বাচন কমিশন। আবার তিনটি ভিন্ন গোষ্ঠী ইইউ ত্যাগে আলাদা আলাদাভাবে প্রচার চালাবে বলে ঘোষণা দেওয়ায় কোন গোষ্ঠীকে প্রচার চালানোর জন্য নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে তা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে।

যুক্তরাজ্যে অভিবাসন বৃদ্ধির জন্য ইইউভুক্ত দেশের নাগরিকদের ভিসাবিহীন প্রবেশাধিকারকে দায়ী করা হয়। গত মে মাসের নির্বাচনে বিষয়টি অন্যতম ইস্যু হয়ে দাঁড়ায়। বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সে সময় প্রতিশ্রুতি দেন যে, কনজারভেটিভ দল ক্ষমতায় গেলে অভিবাসন নিয়ন্ত্রণে একটি কার্যকর চুক্তির ব্যবস্থা করবে। সেটা সম্ভব না হলে ২০১৭ সালের মধ্যেই যুক্তরাজ্য ইইউ সদস্যপদ রাখবে কি রাখবে না, সে প্রশ্নে একটি গণভোটের আয়োজন করবে।

অভিবাসন নিয়ন্ত্রণে ক্যামেরনের প্রস্তাবগুলো ইতিমধ্যে বেশির ভাগ ইইউভুক্ত দেশ প্রত্যাখ্যান করায় গণভোটের বিষয়টি অনিবার্য হয়ে উঠেছে। ঠিক হয়, ‘যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকা উচিত কি-না?’ এই প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট অনুষ্ঠিত হবে। কিন্তু আজ মঙ্গলবার যুক্তরাজ্যের নির্বাচন কমিশন বলেছে, প্রশ্নটি ‘হ্যাঁ’ ভোটের পক্ষে পক্ষপাতমূলক। বিকল্প হিসেবে তারা প্রস্তাব করেছে ‘যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকা উচিত নাকি ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করবে?’ যারা ইইউতে থাকার পক্ষে তারা ‘রিমেইন’ (থাকুক) এবং যারা ইইউতে থাকার বিপক্ষে তারা ‘লিভ’ (ত্যাগ করুক) ভোট দেবেন।

সরকার বলছে, সুপারিশটি বিবেচনার জন্য আগামী সপ্তাহে সংসদে উত্থাপন করা হবে। ইইউ বিরোধী গোষ্ঠী এই সুপারিশকে স্বাগত জানিয়েছে। কট্টর ডানপন্থী দল ‘ইউকে ইন্ডিপেনডেন্ট’ পার্টি আজ মঙ্গলবার ঘোষণা দিয়েছে, ইইউতে যুক্তরাজ্যের থাকার বিপক্ষে তারা আলাদা প্রচার চালাবে। এর আগে একটি ব্যবসায়িক গোষ্ঠী এবং ইইউ বিরোধী প্রচারকর্মীদের (ক্যাম্পেইনার) একটি দল এমন ঘোষণা দেয়। নির্বাচন কমিশন বলছে, ইইউ বিরোধী প্রচারে একটি পক্ষকেই কেবল আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে। কেননা প্রচার দলগুলোকে অর্থ খরচের একটি সীমা নির্ধারণ করে দেবে কমিশন।

২০১৭ সালের মে মাসে ফ্রান্সে এবং একই বছরের সেপ্টেম্বরে জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ধারণা করা হচ্ছে ২০১৬ সালের শেষের দিকে বা ২০১৭ সালের প্রথম দিকে যুক্তরাজ্যকে গণভোট আয়োজন করতে হবে।