যুক্তরাজ্যের কাছে চার্লসের মন্তব্যের ব্যাখ্যা চায় রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস যে মন্তব্য করেছেন, সে ব্যাপারে যুক্তরাজ্যের কাছে ব্যাখ্যা চায় মস্কো৷ এ লক্ষ্যে রাশিয়ার কূটনীতিকেরা ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার দেখা করেন৷ খবর রয়টার্সের৷
কানাডা সফরকালে ৬৫ বছর বয়সী চার্লস সেখানকার নোভা স্কশিয়া প্রদেশের হ্যালিফ্যাক্সের একটি জাদুঘরে যান৷ সেখানে তাঁর সঙ্গে আলাপ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে পোল্যান্ড থেকে পালিয়ে কানাডায় আশ্রয় নেওয়া ইহুদি নারী ম্যারিয়েন ফার্গুসনের৷ আলাপকালে চার্লস বলেন, ইউক্রেনের ব্যাপারে পুতিনের অবস্থান প্রায় হিটলারের মতোই৷
বিতর্কিত ওই মন্তব্য যুক্তরাজ্যের ডেইলি মেইল পত্রিকায় প্রকাশিত হয়৷ ব্রিটেনের রাজপরিবারের একটি সূত্র জানায়, চার্লস সৎ উদ্দেশ্য নিয়েই রাশিয়া সম্পর্কে ওই মন্তব্য করেছেন৷ তবে তাঁর এ বক্তব্য ব্যক্তিগত৷
ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়াপন্থী বিদ্রোহীদের সমর্থন দেওয়ায় মস্কোর কঠোর সমালোচনা করেছে যুক্তরাজ্য সরকারও৷ এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনসহ আরও কয়েকজন খ্যাতিমান ব্যক্তি রাশিয়ার ক্রিমিয়া দখলের ঘটনাটিকে হিটলারের নেতৃত্বে জার্মানির নাৎসিদের আগ্রাসী কর্মকাণ্ডের ইতিহাসের সঙ্গে তুলনা করেছেন৷
রুশ কর্তৃপক্ষ অবশ্য এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশভাষীরা হুমকির মুখে রয়েছে৷ ইউক্রেনে জাতীয়তাবাদী জঙ্গিরা কিয়েভের মদদে তাদের ওপর হামলা করছে৷