যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলে বিভক্তি চরমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ক্যামেরন
ডেভিড ক্যামেরন

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা না–থাকা নিয়ে ২৩ জুন অনুষ্ঠেয় গণভোট সামনে রেখে যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলে বিভক্তি চরমে উঠেছে। ইইউর পক্ষে-বিপক্ষে বিভক্ত সরকারের মন্ত্রীরা কেউ কাউকে আর ছাড় দিয়ে কথা বলছেন না। গণভোটের ফলাফল যা–ই হোক, প্রধানমন্ত্রী পদে ডেভিড ক্যামেরনের অবস্থান চ্যালেঞ্জের মুখে পড়বে বলেই ধারণা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ মন্ত্রিসভার বেশির ভাগ সদস্য চান যুক্তরাজ্য ইইউর সঙ্গেই থাকুক। তবে মন্ত্রিসভার সাতজন সদস্য এবং ক্ষমতাসীন কনজারভেটিভ দলের দেড় শতাধিক এমপি প্রকাশ্যে প্রধানমন্ত্রীর বিপরীতে অবস্থান নিয়ে ইইউ ছেড়ে যাওয়ার (লিভ ক্যাম্পেইন) পক্ষে প্রচার চালাচ্ছেন।
প্রধানমন্ত্রী ক্যামেরন বারবার হুঁশিয়ার করে দিয়ে বলছেন, ইইউ ছাড়লে যুক্তরাজ্যের অর্থনীতি ধসে পড়বে, নিরাপত্তা হুমকির মুখে পড়বে এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রীর এমন সতর্কবাণীকে মিথ্যাচার অভিহিত করে তাঁর নিজ দলের বিদ্রোহীরা বলছেন, যুক্তরাজ্যকে ইইউ জোটে রাখার জন্য ‘প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্রে’ লিপ্ত ক্যামেরন। ক্ষমতাসীন দলের তিনজন এমপি ক্যামেরনের বিরুদ্ধে প্রকাশ্যে অনাস্থা ভোট আনার কথা বলেছেন। তাঁদের একজন নাডিন ডরিস ইতিমধ্যে অনাস্থা ভোট আনার আবেদন জমা দিয়েছেন জানিয়ে সোমবার বলেন, ক্যামেরনকে টিকতে হলে কমপক্ষে ৬০–৪০ ব্যবধানে ইইউর পক্ষের শক্তিকে গণভোটে জিততে হবে। উল্লেখ্য, ব্রিটিশ পার্লামেন্টে অনাস্থা ভোট আনার জন্য ৫০ জন এমপির সমর্থন প্রয়োজন।
সমালোচনার জবাবে ক্যামেরন বলেছেন, কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে তাঁরা ইইউতে থাকার পক্ষে যুক্তি দিচ্ছেন না। ইইউ নিয়ে মানুষের মধ্যে দ্বিধা আছে স্বীকার করে ক্যামেরন বলেন, ইইউর সঙ্গে সম্পর্কের ইতিবাচক দিকগুলো ব্রিটিশদের কাছে পৌঁছে দেওয়ার কাজটি করে যাবেন তিনি।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়াসহ যুক্তরাজ্যের বন্ধুরাষ্ট্র এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থাগুলো দেশটির ইইউতে থাকার পক্ষে অভিপ্রায় ব্যক্ত করেছে। জরিপ অনুযায়ী যুক্তরাজ্যের অর্থনীতিবিদদের প্রতি ১০ জনের ৯ জনই বলছেন যে ইইউ ছাড়লে যুক্তরাজ্য মারাত্মক সমস্যায় পড়বে। সর্বশেষ গতকাল মঙ্গলবারকেমব্রিজ ইউনিভার্সিটির ২০০ শিক্ষাবিদ সতর্ক করে দিয়ে বলেছেন, ইইউর সদস্যপদ ত্যাগ করা ঠিক হবে না।
এর আগে সাবেক লন্ডন মেয়র বরিস জনসন এবং মন্ত্রী মাইকেল গোভ ক্যামেরনকে সরাসরি আক্রমণ করে বলেন, অভিবাসনের সংখ্যা বছরে এক লাখের নিচে নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু তা এখনো তিন লাখের ওপরে। এটাকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে আখ্যায়িত করেন তাঁরা।
জবাবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়, ইইউ ছাড়ার আসল উদ্বেগগুলো থেকে দৃষ্টি অন্য খাতে ফেরাতে এমন কথা বলা হচ্ছে।