যুক্তরাজ্যের জন্য ইইউর দরজা খোলা: মাখোঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারিসে যৌথ সংবাদ সম্মেলনে এমানুয়েল মাখোঁ l ছবি: এএফপি
প্যারিসে যৌথ সংবাদ সম্মেলনে এমানুয়েল মাখোঁ l ছবি: এএফপি

ব্রেক্সিট নিয়ে আলোচনা ফুরানোর আগ পর্যন্ত যুক্তরাজ্যের জন্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রয়ে যাওয়ার ‘দরজা সব সময় খোলা আছে’ বলে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ গত মঙ্গলবার মন্তব্য করেছেন। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলছেন, ইইউ ছেড়ে বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) লক্ষ্যে আলোচনা আগামী সপ্তাহেই শুরু হবে।

ফ্রান্সের রাজধানী প্যারিসে মঙ্গলবার দুই নেতা বৈঠক করেন। এরপর প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে মাখোঁ বলেন, ব্রেক্সিট প্রক্রিয়া একবার শুরু হয়ে গেলে সেটাকে বিপরীতমুখী রূপ দেওয়া আরও কঠিন হয়ে যাবে।

মাখোঁ বলেন, ব্রিটিশ জনগণ এক বছর আগে অনুষ্ঠিত এক গণভোটের মাধ্যমে ২৮টি দেশের জোট ইইউ ছেড়ে যাওয়ার সার্বভৌম সিদ্ধান্ত নিয়েছে। এখন ব্রেক্সিট আলোচনা শুরুর ঘটনাটা মাইলফলক হয়ে থাকবে।

বৈঠকের পর দুই নেতা ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে অনুষ্ঠিত এক প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন। মে ও মাখোঁ এমন এক সময়ে মঙ্গলবারের বৈঠক করলেন, যখন তাঁদের নিজ নিজ রাজনৈতিক জীবনে সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি বিদ্যমান রয়েছে। ফ্রান্সের সাধারণ নির্বাচনে মাখোঁর রাজনৈতিক দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগোচ্ছে। সেই হিসাবে তিনি দৃঢ়ভাবে সরকার পরিচালনার সুযোগ পাবেন। আর থেরেসা মের রাজনৈতিক দল গত সপ্তাহে অনুষ্ঠিত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এখন তিনি উত্তর আয়ারল্যান্ডের একটি স্থানীয় দলের সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার গড়ার চেষ্টা করছেন।