ধারাবাহিক বোমা হামলা চালানোর পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার তিন ব্রিটিশ মুসলিমকে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাজ্যের এক আদালত। সরকারি কৌঁসুলিদের দাবি, ওই বোমা হামলা সংঘটিত হলে সেটি হতো ২০০৫ সালের ৭ জুলাই লন্ডনের পাতালরেল ও সড়কপথে চালানো হামলার চেয়েও ভয়াবহ। ওই হামলায় কর্মস্থলগামী ৫২ ব্যক্তি নিহত হন।অভিযুক্ত ওই তিন ব্যক্তি হলেন: ইরফান নাসির (৩১), ইরফান খালিদ (২৭) ও আশিক আলী (২৭)। কৌঁসুলিদের অভিযোগ, এই তিনজন কাঁধে বহনযোগ্য আটটি বোমার সাহায্যে জনবহুল স্থানে হামলার পরিকল্পনা করেছিলেন। এই তিনজন হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন বলেও তাঁরা অভিযোগ করেন।অভিযুক্তরা সবাই মধ্য ইংল্যান্ডের বার্মিংহামের বাসিন্দা। লন্ডনের উলউইচ ক্রাউন কোর্ট তাঁদের দোষী হিসেবে সাব্যস্ত করলেও আদালতে তাঁরা নিজেদের নির্দোষ দাবি করে সব অভিযোগ অস্বীকার করেন।পুলিশ বলেছে, ২০০৬ সালে পানীয়বাহী কনটেইনারে বোমা লুকিয়ে ট্রান্সআটলান্টিক এয়ারলাইনারে হামলা চালানোর পরিকল্পনা উদ্ঘাটিত হওয়ার পর এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যর্থ করে দেওয়া বোমা হামলার পরিকল্পনা।আদালতের শুনানিতে কৌঁসুলিরা বলেন, ওই তিনজনের মধ্যে নাসির ও খালিদ সন্ত্রাসী হামলার প্রশিক্ষণ নিতে পাকিস্তান সফর করেছেন। নাসির আরও কয়েকজনকে একই উদ্দেশ্যে পাকিস্তান ভ্রমণে সহায়তা করেন।কৌঁসুলিরা বলেন, অভিযুক্ত তিন ব্যক্তি মার্কিন বংশোদ্ভূত আল-কায়েদা নেতা আনওয়ার আল-আওলাকির আদর্শে বোমা হামলা চালাতে অনুপ্রাণিত হন। কিন্তু অর্থ ও প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাব এবং পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযানে তাঁদের ওই পরিকল্পনা ভেস্তে যায়। পুলিশ জানায়, ২০১১ সালের সেপ্টেম্বরে বার্মিংহাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এপি ও এএফপি।