ইউরোপিয়ান কমিশনের (ইসি) প্রধান হোসে ম্যানুয়েল বারোসো বলেছেন, যুক্তরাজ্যের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিয়ন্ত্রণের বাইরে রাখার দাবি ইউরোপের একক বাজারকে ভাঙনের হুমকিতে ফেলতে পারে।গতকাল মঙ্গলবার ইউরোপিয়ান পার্লামেন্টে ইউরো জোনের নতুন চুক্তির বিষয়ে বিতর্কের সময় বারোসো এ কথা বলেন। ইইউভুক্ত ২৭টি দেশের মধ্যে ২৬টি দেশ নতুন চুক্তির ব্যাপারে সম্মতি দিয়েছে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ওই চুক্তিতে ভেটো দিয়েছেন।ইইউর প্রেসিডেন্ট হারম্যান ভ্যান রমপুই ও ইউরো জোনের জ্যেষ্ঠ কর্মকর্তা জ্যাঁ ক্লদ জাঙ্কারের যৌথভাবে উত্থাপিত ওই চুক্তির প্রস্তাবনার উল্লেখ করে বারোসো বলেন, সম্মেলনের লক্ষ্য ছিল ইউরোপের ঋণ-সংকট মোকাবিলার জন্য জোটের আগের চুক্তি পরিবর্তন করে ইইউভুক্ত ২৭টি দেশের জন্য একটি সমাধানের পথ বের করা।বারোসো বলেন, নতুন চুক্তিতে সম্মতি দেওয়ার বিনিময়ে যুক্তরাজ্য তাদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে যে সুবিধা দেওয়ার কথা বলেছে, তা একক বাজারের অখণ্ডতাকে ঝুঁকিতে ফেলতে পারে।ব্রিটিশ প্রধানমন্ত্রী তাঁদের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কী ধরনের ছাড় দেওয়ার কথা বলেছেন, সে বিষয়ে বারোসো বিস্তারিত আলোচনা করেননি। তবে ভবিষ্যতে আর্থিক লেনদেনের ওপর যে কর আরোপের প্রস্তাব করা হয়েছে, যুক্তরাজ্য তার তীব্র বিরোধিতা করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন এখন দুটি জোটে পরিণত হয়েছে। এএফপি।