যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

যুক্তরাজ্যে মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ পদত্যাগ করেছেন। তবে তিনি মন্ত্রিসভায় থাকছেন। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
আজ মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ তাঁর মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ঘোষণা করতে যাচ্ছেন।
জ্যেষ্ঠ মন্ত্রীদের ধারণা, হেগের স্থলাভিষিক্ত হচ্ছেন দেশটির বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড।
হেগ এখন হাউস অব কমন্সের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০১৫ সালের সাধারণ নির্বাচন পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। নির্বাচনে দলের জন্য কাজ করবেন। এরপর রাজনীতি থেকেও বিদায় নেবেন তিনি। ফিরে যাবেন লেখালেখিতে।
হেগের পদত্যাগের খবর অনেককেই বিস্মিত করেছে। মধ্যপ্রাচ্য, ইউক্রেনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংকটের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের প্রতিনিধি হিসেবে আলোচিত মুখ হয়ে ওঠেন তিনি।