বৈশ্বিক নিরাপত্তা হুমকি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার তুলনায় যুক্তরাজ্যের প্রতিরক্ষা পরিকল্পনা অপর্যাপ্ত। রাশিয়ার কাছ থেকে বিভিন্ন হুমকি ও বাধা মোকাবিলার জন্য যুক্তরাজ্যের প্রস্তুতি যথেষ্ট নয়। ব্রিটিশ আইনপ্রণেতাদের একটি কমিটি গতকাল মঙ্গলবার এ হুঁশিয়ারি দিয়েছে। খবর রয়টার্সের।
কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন জোট সরকার ২০১০ সালে ক্ষমতা নেওয়ার পর গৃহীত পরিকল্পনার অংশ হিসেবে প্রতিরক্ষা ব্যয় প্রায় ৮ শতাংশ কমিয়ে ফেলে। পাশাপাশি সশস্ত্র বাহিনীর আকারও প্রায় ছয় ভাগের এক ভাগ ছোট করে।
ব্রিটিশ পার্লামেন্টের প্রতিরক্ষাবিষয়ক কমিটি বলেছে, সরকারের ওই কাটছাঁটের পরিকল্পনা বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট নয়। এখন একসঙ্গে বেশ কিছু হুমকি মোকাবিলার উপযোগী স্থিতিশীল সামর্থ্য থাকা উচিত। ন্যাটোর সদস্য হিসেবে যুক্তরাজ্য মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হতে থাকলে বিশ্বস্ত সামরিক সহযোগী হিসেবে এ জোটের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলবে।
যুক্তরাজ্য বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে বলেও মন্তব্য করে কমিটি।