যুক্তরাজ্যের প্রথম রোবট ‘জর্জ’ ফের হাঁটছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে উদ্ভাবিত প্রথম মানবাকৃতির একটি রোবট ৪৫ বছর পর উদ্ধার করা হয়েছে। এত দিন একটি গ্যারেজে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। প্রায় পাঁচ দশক পর উদ্ধার হলেও এটি এখনো চালু রয়েছে অর্থাৎ হাঁটতে পারছে। টনি সেইল নামের এক ব্যক্তি ১৯৫০ সালে রোবটটি তৈরি করেছেন। ছয় ফুট লম্বা রোবটটির নাম দেওয়া হয়েছিল জর্জ। ওয়লিংটনে দুর্ঘটনাকবলিত একটি বিমানের ধ্বংসাবশেষ থেকে এটি তৈরি করা হয়। এতে ব্যয় হয়েছিল মাত্র ১৫ পাউন্ড। রোবটটি তৈরির সময় টনির বয়স ছিল মাত্র ১৯ বছর, এখন ৭৯। জর্জ উদ্ভাবনের আগে মানবাকৃতির রোবট খুব কমই দেখা গেছে।কিন্তু দুঃখজনক হলো, রোবটটিকে কৃত্রিম স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তা দিতে ব্যর্থ হয়েছিল তখনকার কম্পিউটার প্রযুক্তি। এর ফলে হতাশ হয়ে আবিষ্কারের কয়েক বছর পরই রোবটটিকে বেডফোর্ডের একটি গ্যারেজে ফেলে দেন টনি। টনি বলেছেন, ‘৪৫ বছর পর গ্যারেজের ভেতর থেকে রোবটটি উদ্ধার করেছি। আমার আত্মবিশ্বাস ছিল, রোবটটি পুনরায় কাজ করবে। মজার বিষয় হচ্ছে, আমার ধারণা সঠিক বলেই প্রমাণিত হয়েছে।’ তিনি বলেন, ‘রোবটের যন্ত্রাংশে তেল মেখে ও পায়ে নতুন লিথিয়াম ব্যাটারি লাগানোর পর এটি কাজ করতে শুরু করেছে। জর্জের পুনরায় হাঁটার মুহূর্তটি ছিল খুবই আনন্দদায়ক।’শৈশব থেকেই যন্ত্রপ্রকৌশলের প্রতি দারুণ আগ্রহ টনির। জর্জের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সংস্করণও তৈরি করেন। ১৯৪৯ সালে ব্রিটিশ বিমানবাহিনীতে যোগ দেন টনি। সেই থেকে এসেক্সের স্যাফরন ওয়াল্ডেনের কাছে আরএএফের সঙ্গে যুক্ত ছিলেন। টনি বলেন, ‘অবসরে রোবটটি তৈরি করেছি। এটি ছয় ফুট লম্বা। রোবটের চোখে হালকা সংবেদশীল সেল স্থাপন করা হয়েছে। এর ফলে এটি বিয়ারের বোতল শনাক্ত করতে পারে।’ জর্জকে বুকসে ব্লেচলি পার্কের জাতীয় কম্পিউটার জাদুঘরে দান করে দেওয়া হয়েছে। রোবট তৈরির পাশাপাশি বিশালাকায় কম্পিউটার পুনরায় আবিষ্কারের পেছনেও ভূমিকা রয়েছে যন্ত্রপ্রকৌশলী টনির। অরেঞ্জ অনলাইন।