যুক্তরাজ্যের বিজ্ঞানবিষয়ক শীর্ষ পদক পেলেন অ্যাঙ্গেলা মেরকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল যুক্তরাজ্যের বিজ্ঞানবিষয়ক শীর্ষ পদক পেলেন। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে বিজ্ঞানভিত্তিক নীতিমালা প্রণয়নের জন্য তিনি এ পদক পান। যুক্তরাজ্যের বিখ্যাত বিজ্ঞান একাডেমি ‘রয়্যাল সোসাইটি’ মেরকেলের হাতে গত বৃহস্পতিবার পদক তুলে দেয়। সারা বিশ্ব মেরকেলকে একজন রাজনীতিক হিসেবে চিনলেও মূলত তিনি একজন পদার্থবিজ্ঞানী। তাঁর এই পদক পাওয়া প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, মেরকেলের প্রতি যুক্তরাজ্য ও সারা পৃথিবীর যে সম্মান, তারই অন্যতম স্বীকৃতি এই পুরস্কার। রয়্যাল সোসাইটির সভাপতি মার্টিন রিজ বলেন, ইউরোপসহ সারা বিশ্বে বিজ্ঞানের উন্নয়নে তাঁর যে অবদান, এরই স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মানজনক পদক প্রদান করা হচ্ছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের ভূমিকাকে এগিয়ে নিতেও সহায়ক নীতিমালার জন্য তাঁর অবদান খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, ‘জনগণের জীবন ও অর্থনীতির ওপর বিজ্ঞান ও বিজ্ঞানভিত্তিক নীতিমালার প্রভাব সম্পর্কে একজন পেশাদার বিজ্ঞানী হিসেবে মেরকেলের অত্যন্ত বিচক্ষণ বিবেচনা রয়েছে। জার্মান চ্যান্সেলর তৃতীয় ব্যক্তি হিসেবে এ পদক পান। এর আগে ১৯৯৮ সালে জাপানের সম্রাট আকিহিতো এবং ২০০৭ সালে ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম সম্মানজনক এ পদক পান। উল্লেখ্য, সম্প্রতি মার্কিন সাময়িকী ফোর্বস জার্মান চ্যান্সেলর মেরকেলকে সে দেশের জনপ্রিয় রাজনীতিক এবং বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারীদের একজন বলে উল্লেখ করে।