ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাজ্যের বিরুদ্ধে ফকল্যান্ড দ্বীপে ‘সামরিকীকরণ’ করার অভিযোগ এনেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্নান্দেজ ডি কির্চনার জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে এ অভিযোগ উত্থাপনের ঘোষণা দিয়েছেন।১৯৮২ সালে ফকল্যান্ড দ্বীপের মালিকানা নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ হয়। দুই দেশই এ দ্বীপপুঞ্জের মালিকানা দাবি করে আসছে। যুক্তরাজ্য ফকল্যান্ড দ্বীপপুঞ্জ এলাকায় রণতরী পাঠাচ্ছে—গত মাসে যুক্তরাজ্যের এ ঘোষণার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়।আর্জেন্টিনার প্রেসিডেন্ট কির্চনার দেশটির এমপি ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর গত মঙ্গলবার ঘোষণা দেন, যুক্তরাজ্যের বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করা হবে। তিনি অভিযোগ করেন, ‘যুক্তরাজ্য আবারও ফকল্যান্ড দ্বীপপুঞ্জ অঞ্চল সামরিকীকরণ করছে। আমরা জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দেব।’দক্ষিণ আমেরিকার বাণিজ্য ব্লক মারকোসার গত ডিসেম্বরে ফকল্যান্ডের পতাকাবাহী কোনো জাহাজ সংশ্লিষ্ট দেশগুলোর বন্দরে নোঙর করা নিষিদ্ধ করে। বিবিসি।