যুক্তরাজ্যের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের মানুষকে নতুন সরকার পেতে অপেক্ষা করতে হবে আর কয়েকটি দিন। এই নির্বাচন যুক্তরাজ্যকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গ ছাড়ার পথে হাঁটাতে পারে। ত্বরান্বিত করতে পারে স্কটল্যান্ডের স্বাধীনতাও। খবর এএফপির।
প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মধ্য ডানপন্থী দল কনজারভেটিভদের নেতৃত্বাধীন জোট সরকার ২০১০ সাল থেকে ক্ষমতায় রয়েছে। তবে নির্বাচন-পূর্ব জনমত জরিপগুলো বলছে, এড মিলিব্যান্ডের নেতৃত্বাধীন মধ্য-বামপন্থী দল লেবার পার্টির সঙ্গে কনজারভেটিভদের হাড্ডাহাড্ডি লড়াই হবে। এখন কে কার সঙ্গে গাঁটছড়া বাঁধবে, সেটাই বড় প্রশ্ন।
জনমত জরিপকারী প্রতিষ্ঠান ইউগভের প্রেসিডেন্ট পিটার কেলনার ভোটের আগের দিন বলেন, ‘এখন থেকে এক মাস পরে কে প্রধানমন্ত্রী হবেন, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। এই নির্বাচনে কী ঘটবে, তা কোনো জনমত জরিপকারী প্রতিষ্ঠান বা কোনো রাজনৈতিক ভবিষ্যৎ দ্রষ্টা বলতে পারবেন না।’
কনজারভেটিভ বা লেবার কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে দলগুলোর মধ্যে দিনের পর দিন, এমনকি সপ্তাহের পর সপ্তাহ দর-কষাকষি চলতে পারে সরকার গঠনে ৩২৬টি আসন জোগাড়ের জন্য।
জরিপের ফল মোতাবেক, ইংল্যান্ডের উত্তরে থাকা স্কটল্যান্ডের বেশির ভাগ আসনই পেতে যাচ্ছে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি), যারা স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে। এক বছর আগেও এমন ফল অচিন্তনীয় ছিল। তবে গত সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত গণভোটে এসএনপি স্কটল্যান্ডের স্বাধীনতা প্রায় নিশ্চিত করে ফেলার পর তাদের প্রতি সমর্থনের জোয়ার শুরু হয়। সামান্য ভোটে হেরে যায় স্বাধীনতাপন্থীরা।
এসএনপি সম্ভাব্য লেবার সংখ্যালঘু সরকারকেই সমর্থন করতে পারে। কনজারভেটিভ পার্টি স্কটল্যান্ডে ব্যাপকভাবে অজনপ্রিয়। এ দলের নেতা সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অর্থনৈতিক সংস্কারই সেখানকার ভারী শিল্পে ধস নামার মূল কারণ বলে এখনো মনে করে স্কটরা।
বিশ্লেষকেরা মনে করেন, স্কটল্যান্ডে নতুন করে গণভোট দেওয়ার জন্য নতুন সরকারের ওপর চাপ প্রয়োগ করতে এসএনপি তার প্রভাবকে কাজে লাগাতে পারে। স্টার্জিওন এখনো গণভোটের দাবির বিষয়ে খোলাসা করে কিছু বলেননি। বিশেষ করে তিনি কখন নতুন করে গণভোট চান, সে বিষয়ে এখনো মুখ খোলেননি।
যুক্তরাজ্যের এই সাধারণ নির্বাচনের বৈশ্বিক তাৎপর্যও বহুমুখী। বিশেষ করে এই নির্বাচন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই স্থায়ী সদস্য ও ন্যাটো সদস্য দেশটির অবস্থানের ওপর কী প্রভাব ফেলতে পারে, তা দেখতে অপেক্ষায় আছে বিশ্ব। বিশ্লেষকেরা বলছেন, যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্য একটি ‘বিশেষ সম্পর্ক’ থাকার গর্ব করে থাকে, তারা এরই মধ্যে কিছুটা হতাশ। বিশেষ করে যুক্তরাজ্য সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা ব্যয় কমানোয় মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানগুলোতে এখন আর আগের মতো অবদান রাখতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশনের গবেষক জেরেমি শাপিরো চলতি সপ্তাহে লিখেছেন, ‘একটি ক্ষুদ্র ইংল্যান্ড কখনোই মার্কিন পররাষ্ট্রনীতির জন্য শুভ হতে পারে না। এই নীতির সুনির্দিষ্ট লক্ষ্য হচ্ছে সমমনা দেশগুলোকে শক্তিশালী করা, যাতে করে নেতৃত্বের বোঝা ভাগাভাগি করে নেওয়া যায়।’
যুক্তরাজ্যের বৈশ্বিক মর্যাদার সঙ্গে যুক্ত আরেক সম্ভাব্য ইস্যু হচ্ছে বিশ্বের পঞ্চম বৃহত্তম এই অর্থনীতির দেশটির ইইউতে থাকা না থাকা। প্রধানমন্ত্রী ক্যামেরন প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁরা জয়ী হলে ২০১৭ সালের মধ্যে যুক্তরাজ্য ইইউ ছাড়বে কি না, সেই প্রশ্নে গণভোট দেবেন। মতামত জরিপগুলোর আভাস মতে, অধিকাংশ ব্রিটিশ এই মুহূর্তে ইইউ ছাড়ার বিপক্ষে। কিন্তু গণভোটের দীর্ঘ প্রচারণা শুরু হলে পরিস্থিতি পাল্টে যেতে পারে। কারণ, ইউরোপের সঙ্গে যুক্তরাজ্যের অস্বস্তিকর সম্পর্কের ক্ষত আবার দগদগে হয়ে উঠতে পারে।
গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশন্সের উপপরিচালক জিয়ানে পার্ক গত সপ্তাহে বলেন, ‘এই সাধারণ নির্বাচনই নির্ধারণ করে দেবে, বিশ্বে যুক্তরাজ্যের অবস্থান কী হবে। অতীতের কোনো নির্বাচনই এ বিষয়ে এতটা প্রভাব ফেলতে পারেনি।’
এই নির্বাচনের তাৎপর্য আজ শুক্রবার থেকেই স্পষ্ট হতে শুরু করবে। তবে তার স্বরূপ পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হতে আরও সময় লাগবে।