যুক্তরাজ্যের ভূমিকা বৃদ্ধির আহ্বান এমপিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের আইনপ্রণেতারা বলেছেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলমান লড়াইয়ে তাঁদের দেশের ভূমিকা ‘বিস্ময়করভাবে কম’। তাঁরা লড়াইয়ে আরও জোরদার অংশগ্রহণের দাবি করেছেন। খবর বিবিসির।
ইরাক ও সিরিয়ায় সক্রিয় আইএস জঙ্গিদের ওপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলা চলছে। এই জোটে আছে যুক্তরাজ্যও। তবে দেশটির প্রতিরক্ষা দপ্তরের সিলেক্ট কমিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান বিমান হামলার মাত্র ৬ শতাংশ পরিচালনা করেছে ব্রিটিশ বাহিনী। এটা ‘বিস্ময়কর এবং গভীর উদ্বেগের’। এটা পর্যাপ্ত নয়। তবে কমিটি আইএসবিরোধী লড়াইয়ে স্থলবাহিনী পাঠানোর বিপক্ষে।
প্রতিবেদনে আইএসকে আন্তর্জাতিক নিরাপত্তার ‘সবচেয়ে বড় হুমকি’ হিসেবে আখ্যায়িত করা হয়। জঙ্গি সংগঠনটি কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যে বেড়ে উঠছে।
এমপিরা বলেন, আইএসবিরোধী লড়াইয়ে যুক্তরাজ্য বড় ভূমিকা পালন করতে পারে। তাদের এই ভূমিকা পালন করা উচিত। তবে সরকারি কর্মকর্তা, মন্ত্রীরা এবং সরকারি নানা দপ্তর একটি পরিপূর্ণ সামরিক কৌশল তৈরি করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
এমপিরা গত বছরের ডিসেম্বর মাসে ইরাকে যান। সেখানে গিয়ে তাঁরা দেখতে পান, কুর্দি-অধ্যুষিত এলাকার বাইরে মাত্র তিনজন ব্রিটিশ সেনাসদস্য আছেন। অথচ তখন সেখানে অস্ট্রেলীয় সেনাসদস্যের সংখ্যা ছিল ৪০০, ইতালির ২৮০ এবং স্পেনের ৩০০। ওই অঞ্চলের উপজাতীয়দের সম্পর্কে ধারণা রাখেন বা ইরাকের রাজনীতি বোঝেন এমন একজন ব্রিটিশ সেনাসদস্যকেও তাঁরা পাননি।
এমপিরা আইএসবিরোধী অভিযানের বাস্তব অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ও স্বাধীন মূল্যায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। কমিটির চেয়ারম্যান রোরি স্টুয়ার্ট বলেন, আইএসের হামলায় কয়েক লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এটা প্রতিবেশী দেশগুলোর জন্য হুমকি সৃষ্টি করেছে।