যুক্তরাজ্যের মাদ্রাসাগুলোতে শিশুদের শরিয়া আইনের শাস্তির বিধান সম্পর্কে শেখানো হচ্ছে। সারা বিশ্বের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করছে—তাদের এমন ধারণাও দেওয়া হচ্ছে। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। ওই প্রামাণ্য প্রতিবেদনটি গতকাল সোমবার রাতে প্রচার হওয়ার কথা।প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি অর্থায়নে পরিচালিত সংগঠন ‘সৌদি স্টুডেন্টস ক্লাবস অ্যান্ড স্কুলস ইন ইউকে অ্যান্ড আয়ারল্যান্ড’ যুক্তরাজ্যে প্রায় ৪০টি মাদ্রাসা পরিচালনা করে থাকে। ‘উইকেন্ড স্কুল’ নামে পরিচিত ওই মাদ্রাসাগুলোতে ছয় বছর থেকে ১৮ বছর বয়সী প্রায় পাঁচ হাজার শিশু-কিশোরকে ইসলামী শিক্ষা দেওয়া হয়।প্রতিবেদনে বলা হয়, পাঠ্যবইয়ে বলা হয়েছে, যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে না, মৃত্যুর পর তাদের দোজখে যেতে হবে। ১৫ বছর বয়সীদের পাঠ্যবইয়ে শরিয়া আইন প্রসঙ্গে বলা হয়েছে, ‘প্রথমবার কেউ চুরি করলে তার হাত এবং দ্বিতীয়বার একই অপরাধ করলে পা কেটে ফেলতে হবে।’ বইয়ে চিত্র এঁকে হাতের ঠিক কোন জায়গা কেটে বিচ্ছিন্ন করতে হবে, তাও দেখানো হয়েছে। একটি অনুচ্ছেদে বলা হয়েছে, ‘চুরি প্রমাণিত হলে চোরের ডান হাতের ঠিক কবজি থেকে কেটে ফেলতে হবে। রক্তক্ষরণে যাতে তাঁর মৃত্যু না হয়, সে জন্য দ্রুত ওই জায়গাটিকে বেঁধে ফেলতে হবে।’পাঠ্যবইয়ে আরও বলা হয়েছে, সমকামিতার শাস্তি হিসেবে ব্যক্তি বা পরিস্থিতি ভেদে পাথর ছুড়ে অথবা আগুনে পুড়িয়ে কিংবা খুব উঁচু জায়গা থেকে নিচে নিক্ষেপ করে অপরাধীকে মেরে ফেলার বিধান রয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, এসব মাদ্রাসায় শিক্ষার্থীদের ইহুদিদের সম্পর্কে এ শিক্ষা দেওয়া হয় যে তারা সারা পৃথিবীর নিয়ন্ত্রণ নেওয়ার চক্রান্তে লিপ্ত। এএফপি ও ডেইলি মেইল অনলাইন।