ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ‘যুক্তরাজ্যের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক “কখনোই ভাঙার নয়”। আর দুই দেশের পারস্পরিক সহযোগিতার মূল ক্ষেত্র হলো বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ মোকাবিলা করা।’ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে ইসলামাবাদে গতকাল মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন গতকাল সকালে এক দিনের সফরে ইসলামাবাদে পৌঁছান। পাকিস্তানে পৌঁছানোর পর তাঁকে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ইসলামাবাদের বাসভবনে গার্ড অব অনার দেওয়া হয়। ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-এর প্রধান জন সয়ারস ও ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ডেভিড রিচার্ডস ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।ইসলামাবাদে যৌথ সংবাদ সম্মেলনে ক্যামেরন বলেন, দুই পক্ষের আলোচনায় জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এ ব্যাপারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানান তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী পাকিস্তান সরকারের ব্যয় ও দুর্বলতা কাটিয়ে উঠতে দেশটির উচ্চবিত্তদের বেশি করে কর দেওয়ার আহ্বান জানান। তিনি দেশটিতে নতুন বিদ্যালয় গড়ে তোলা ও শিক্ষকদের প্রশিক্ষণের জন্য ৬৫ কোটি পাউন্ড সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেন।লিবিয়া অভিযানের কথা উল্লেখ করে ক্যামেরন বলেন, এটা ইসলামের প্রতি আক্রমণ নয়। একটি আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য ওই অভিযানে অংশ নিয়েছে। এতে জাতিসংঘের অনুমোদনও রয়েছে।পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক শুরুর পরিকল্পনা নিয়ে ইসলামাবাদ সফর করেন ক্যামেরন। তিনি গত বছরের জুলাই মাসে ভারত সফর করেন। সে সময় ক্যামেরন বলেন, ‘সন্ত্রাসীদের সহায়তা দিয়ে তাদের ভারত, আফগানিস্তান বা বিশ্বের অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার’ বিষয়টি অনুমোদন করা পাকিস্তানের উচিত নয়। তাঁর এই মন্তব্যের পর দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।ইসলামাবাদে গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় ক্যামেরন বলেন, ‘আসুন, আজ থেকে আমরা নতুনভাবে সম্পর্ক শুরু করি। অতীতের ভুল বোঝাবুঝি ভুলে বর্তমান সমস্যা নিয়ে একসঙ্গে কাজ করি। এর মধ্য দিয়ে ভবিষ্যতের সুযোগ তৈরি করি।’ ‘যুক্তরাজ্য-পাকিস্তান জাতীয় নিরাপত্তা সংলাপ’ শীর্ষক এক বৈঠক শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে ধ্বংস করতে হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, দুই প্রধানমন্ত্রী ২০১৫ সালের মধ্যে দুই দেশের বাণিজ্যের পরিমাণ বছরে আড়াই শ কোটি পাউন্ডে উন্নীত করার অঙ্গীকার করেছেন। বর্তমানে এর পরিমাণ রয়েছে ১৯০ কোটি পাউন্ড।জাতীয় নিরাপত্তার স্বার্থে যুক্তরাজ্য পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নের বিষয়টিকে অনেক গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করে। প্রধানমন্ত্রী ক্যামেরনের ইসলামাবাদ সফরে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। যুক্তরাজ্যে পাকিস্তানি বংশোদ্ভূত উল্লেখযোগ্যসংখ্যক নাগরিক রয়েছে। ২০০৫ সালে লন্ডনে পাতাল রেলে বোমা হামলা এবং আরও কয়েকটি স্থানে বোমা হামলার চেষ্টার সঙ্গে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার কথাও জানা গেছে। তাই জাতীয় নিরাপত্তার স্বার্থে পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করে যুক্তরাজ্য। এএফপি, রয়টার্স, বিবিসি।