যুক্তরাজ্যের সঙ্গে ম্যান্ডেলার সম্পর্ক ছিল মিশ্র
দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ ঔপনিবেশিক উত্তরাধিকারের বিরুদ্ধে জীবনের বিরাট একটি সময় লড়াই করলেও নেলসন ম্যান্ডেলা ছিলেন ইংরেজপ্রেমী। শৈশব থেকেই ব্রিটেনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ অথচ পরস্পরবিরোধী সম্পর্ক ছিল।
ট্রান্সকেইয়ের একটি অভিজাত উপজাতি সম্প্রদায়ে তাঁর জন্ম। সাত বছর বয়সে রোলিহলাহলা ম্যান্ডেলাকে পাঠানো হয় একটি খ্রিষ্টান মিশনারি স্কুলে। স্কুলে প্রথম দিনেই শিক্ষক ম্যান্ডেলার নাম নতুন করে রাখলেন নেলসন ম্যান্ডেলা। শিক্ষকদের পড়ানোর ধরনও ছিল ইংরেজদের মতো। ‘এ লং ওয়াক টু ফ্রিডম’ নামক আত্মজীবনীমূলক বইয়ে এসব কথা লেখা হয়েছে।
আত্মজীবনীতে ম্যান্ডেলা লিখেছেন, ‘আমি যে শিক্ষা পেয়েছি, তা ছিল ব্রিটিশদের শিক্ষা। আর সেই শিক্ষার মধ্যে ব্রিটিশদের চিন্তা-চেতনা, সংস্কৃতি ও তাদের প্রতিষ্ঠানগুলোকে বড় করে দেখানো হয়েছিল। সেখানে আফ্রিকান সংস্কৃতির কিছুই ছিল না।’
যুক্তরাজ্য সম্পর্কে সব সময়ই পরস্পর বিপরীত ভাবনা ছিল ম্যান্ডেলার। তিনি তাঁর আত্মজীবনীতে লিখেছেন, ‘আমি ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রতি রুষ্ট হলেও তাদের চালচলন ও আচরণের অনন্য দিকগুলো ছুড়ে ফেলে দিতে পারি না।’ বিবিসি।