যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন-২০১৫ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে এবার সবার নজর স্কটল্যান্ডের ওপর। সেখানে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) বড় সাফল্যের আশা করছে। দলটি এবার কেন্দ্রে জোট সরকার গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খবর এএফপির।
এসএনপি নেতা নিকোলা স্টার্জিওন গত বুধবার চূড়ান্ত প্রচারাভিযানের সময় বলেছেন, এবারের নির্বাচনে স্কটিশরা তাদের ঐতিহ্যবাহী পছন্দ লেবার পার্টিকে বর্জনের মাধ্যমে একটি ‘সন্ধিক্ষণের’ সূচনা করতে পারে। স্টার্জিওন বলেন, এডিনবরার আবহাওয়া এখন কিছুটা প্রতিকূল হলেও স্কটল্যান্ডের জন্য রৌদ্রোজ্জ্বল ভবিষ্যতেরই আভাস পাওয়া যাচ্ছে।
কয়েক প্রজন্ম ধরে লেবার পার্টিই স্কটিশদের প্রতিনিধিত্ব করেছে। কিন্তু এবার দলটিকে বর্জনের মধ্য দিয়ে স্কটিশরা ব্রিটিশ রাজনীতিতে ক্ষমতার নতুন ভারসাম্য তৈরি করতে পারে। যুক্তরাজ্যের অন্যান্য অংশে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে তুমুল লড়াইয়ের ইঙ্গিত মিলেছে। মূল প্রতিদ্বন্দ্বিতা হয় প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দল কনজারভেটিভ পার্টি এবং এড মিলিব্যান্ডের নেতৃত্বাধীন বিরোধী দল লেবার পার্টির মধ্যে। তবে স্কটল্যান্ডের চিত্রটা ভিন্ন। সেখানে গত সেপ্টেম্বরে স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে স্বাধীনতার পক্ষ সামান্য ব্যবধানে হেরে গেলেও এবার পার্লামেন্ট নির্বাচনে ৫৯টি স্কটিশ আসনের কমপক্ষে ৫০টিতে জয়ের আশা করছে এসএনপি। স্কটিশ জাতীয়তাবাদী দলটি ২০১০ সালের নির্বাচনে মাত্র ছয়টি আসন পেয়েছিল। আর লেবার পার্টির দখলে ছিল স্কটল্যান্ডের ৪১টি আসন। এবার আসনগুলো এসএনপি পেয়ে গেলে ৬৫০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা লেবার পার্টির জন্য কঠিন হয়ে পড়বে।
কনজারভেটিভ পার্টিও অল্পের জন্য সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ধারণা করা হচ্ছে। তাই নির্বাচনের পরে বড় দুটি দলকেই জোট সরকার গঠনের জন্য ছোট দলগুলোর সমর্থন নিতে হবে। এসএনপির সমর্থন পেতে হলে তাদের ব্যয়সংকোচনবিরোধী রাজনৈতিক অবস্থানকে স্বীকৃতি দিতে হবে।
লেবার পার্টির পক্ষে ভোট টানার শেষ চেষ্টা হিসেবে এড মিলিব্যান্ড বুধবার বলেন, তিনি স্কটিশদের দেশপ্রেম এবং মর্যাদাবোধের ব্যাপারটি বুঝতে পারেন। তবে এসএনপিকে ভোট দিলে কনজারভেটিভদেরই সরকার গঠন করার সম্ভাবনা বেশি। প্রধানমন্ত্রী হলে স্কটল্যান্ডের স্বার্থকে বিশেষ গুরুত্ব দেবেন তিনি।