যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে লেবারদের বিশাল জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বিরোধী দল লেবার পার্টি ইংল্যান্ড ও ওয়েলসে বড় ধরনের জয় পেতে যাচ্ছে। দলটি গতবারের চেয়ে ৭০০টির বেশি আসনে জয় পেতে যাচ্ছে।ইতিমধ্যে লেবার পার্টি বার্মিংহাম, কার্ডিফসহ বেশ কিছু কাউন্সিলে জয় পেয়েছে। ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চল ও মিডল্যান্ডের বেশ কিছু কাউন্সিলে জিতেছে তারা।বিরোধী দলের নেতারা বলাবলি করছেন, এ ফল ইঙ্গিত দিচ্ছে যে লেবার নেতা এড মিলিব্যান্ড প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন। তবে কনজারভেটিভ পার্টির মন্ত্রীরা বলেছেন, সরকারের মাঝামাঝি মেয়াদে এ রকম ফলাফল হয়ই। লেবাররা ভালো করেছে। তবে অসাধারণ কিছু নয়।এবারের স্থানীয় নির্বাচনের উল্লেখযোগ্য বিষয়, মোট ভোটারের মাত্র ৩২ শতাংশ ভোট দিয়েছেন। ২০০০ সালের পর থেকে এবারই স্থানীয় নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে।প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, মোট ভোটের ৩৯ শতাংশই পাবে লেবার পার্টি, যা আগের চেয়ে ৩ শতাংশ বেশি। ক্ষমতাসীন জোটের বড় দল কনজারভেটিভ পার্টি পাবে ৩১ শতাংশ ভোট। অর্থাৎ গতবারের তুলনায় এবার রক্ষণশীলদের ভোট ৪ শতাংশ কমছে। আর লিবারেল ডেমোক্রেটিক পার্টি পাবে প্রায় আগের মতোই—১৬ শতাংশ ভোট। বিবিসি।