যুক্তরাজ্যের পাঁচজন মেরিন সেনার বিরুদ্ধে ২০১১ সালে আফগানিস্তানে একটি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল রোববার এ তথ্য জানিয়েছেন।সরকারি সূত্র জানায়, ওই পাঁচ মেরিন সেনা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। একটি সন্দেহজনক ভিডিওচিত্র উদ্ধারের পর গত শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়। ওই হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হলেও কোনো অভিযোগ না পাওয়ায় চারজনকে মুক্তি দেওয়া হয়েছে। অন্য পাঁচ সেনার বিষয়টি দেখবে স্বাধীন সংস্থা সার্ভিস প্রসিকিউটিং অথরিটি (এসপিএ)। ওই সেনাদের বিচার সামরিক আদালতে স্থানান্তরের মতো পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ রয়েছে কি না, তা খতিয়ে দেখবে এসপিএ।২০১১ সালে ওই হত্যাকাণ্ডের সময় আফগানিস্তানের হেলমান্দে যুক্তরাজ্যের রয়্যাল মেরিন কমান্ডোর একটি ব্রিগেডের ঘাঁটি ছিল। বিবিসি ও এএফপি।